মিয়ানমারে আবার সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যের পর এবার মধ্যাঞ্চলীয় মিকতিলা শহরে জাতিগত সহিংসতা শুরু হয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন।স্থানীয় একজন পার্লামেন্ট সদস্য গতকাল বৃহস্পতিবার সহিংসতার খবর নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে টানা দ্বিতীয় দিনের মতো কারফিউ বহাল রাখা রয়েছে।ইয়াঙ্গুন শহর থেকে প্রায় ৫৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত মিকতিলায় মুসলিম মালিকানাধীন একটি গয়নার দোকানের ব্যবসায়ীদের সঙ্গে এক বৌদ্ধ দম্পতির বাগিবতণ্ডার জের ধরে শত শত মানুষ গত বুধবার দাঙ্গায় জড়িয়ে পড়ে। সেখানে অন্তত চারটি মসজিদ, একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান, কয়েকটি দোকান এবং একটি সরকারি ভবনে গতকাল আগুন ধরিয়ে দেওয়া হয়। সহিংসতায় আহত অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজন বৌদ্ধ সন্ন্যাসী ও একজন গাড়িচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।মিয়ানমারে সর্বশেষ অস্থিতিশীলতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেরেক মিশেল বলেন, ‘ব্যাপক সহিংসতা ও বাড়িঘর ধ্বংসের খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।’অং সান সু চির নেতৃত্বাধীন বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদস্য উইন তেইন বলেন, সহিংসতায় ১০ জনের বেশি নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলা যাবে না। এ ক্ষেত্রে পুলিশ যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করতে পারছে না। রাখাইন রাজ্যে গত বছরের সহিংসতার পরিণামেই মিকতিলায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।মিকতিলার একজন বাসিন্দা বলেন, তিনি বেশ কয়েকজনের লাশ দেখেছেন। পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। ছুরি ও লাঠি নিয়ে সংঘবদ্ধ লোকজন রাস্তায় নেমে আসছে।সরকারি কর্মকর্তারা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। মিকতিলার সঙ্গে অন্যান্য শহরের যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বৌদ্ধ-মুসলিম সহিংসতায় গত বছরের জুন থেকে এ পর্যন্ত অন্তত ১৮০ জন নিহত হয়। বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় অন্তত এক লাখ ১০ হাজার মানুষ। ওই ঘটনায় মূলত রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অবশ্য গত তিন দশকে মিয়ানমারে কোনো আদমশুমারি হয়নি। ব্রিটিশ ঔপনিবেশিক যুগে ভারতীয় উপমহাদেশ থেকে মুসলিমরা ব্যাপক সংখ্যায় মিয়ানমারে প্রবেশ করে। দীর্ঘদিন সেখানে অবস্থানের পরও তারা সেখানকার মূলস্রোতে মিশে যেতে পারেনি। রাখাইনসহ কয়েকটি রাজ্যে প্রায়ই সাম্প্রদায়িক সহিংসতা ঘটতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা মুসলিমরা প্রাণ বাঁচাতে নারী-শিশুসহ নৌযানে চড়ে বিপজ্জনক সমুদ্রপথে বাংলাদেশ হয়ে মালয়েশিয়াসহ অন্যান্য দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করে। এএফপি ও রয়টার্স।