মিয়ানমারের পথে জাপানের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আজ শুক্রবার তিন দিনের সফরে মিয়ানমারের উদ্দেশে রওনা হয়েছেন। ১৯৭৭ সালের পর কোনো জাপানি প্রধানমন্ত্রীর এটাই প্রথম মিয়ানমার সফর। আবের এ সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের দিকটি গুরুত্ব পাবে।

আজ বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলও থাকবে।

মিয়ানমারের অন্যতম প্রধান দাতা দেশ জাপান। সামরিক শাসনের সময়ও ইয়াঙ্গুনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রক্ষা করে এসেছে টোকিও।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, মিয়ানমারের জন্য ৯৮০ মিলিয়ন ডলারের উন্নয়নসহায়তা ঘোষণা করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী। সফরকালে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গেও সাক্ষাত্ করবেন আবে।