ভারত সফরে থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, রাখাইন রাজ্যে জাতিগত বৌদ্ধ ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যকার সহিংসতা বড় ধরনের ‘আন্তর্জাতিক ট্র্যাজেডি’। তবে বাংলাদেশ থেকে মিয়ানমারে অনুপ্রবেশ ঠেকাতে হবে। গতকাল বৃহস্পতিবার সু চি ভারতের এনডিটিভিকে এসব কথা বলেছেন। তবে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। গত জুনের পর থেকে রাখাইন রাজ্যের জাতিগত বৌদ্ধ ও রোহিঙ্গাদের মধ্যকার দুই দফার সহিংসতায় মিয়ানমারে লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছে। গত মাসে সহিংসতায় সেখানে প্রায় ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। হাজার হাজার ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। সরকারি হিসাবে দুই দফা সহিংসতায় কমপক্ষে ১৬৮ জন নিহত হয়েছে।এনডিটিভিকে সু চি বলেন, ‘দুই পক্ষই সহিংসতায় জড়িত; এটা ভুলে গেলে চলবে না। আমি কোনো পক্ষের সমর্থনে নেই এবং আমি চাই বিষয়টা মিটমাট হয়ে যাক।’ এখনো বাংলাদেশ থেকে মিয়ানমারে অনুপ্রবেশের ঘটনা ঘটছে কি না, সাংবাদিকদের কাছে এ ধরনের প্রশ্ন তুলে সু চি বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটলে তা বন্ধ করতে হবে। অন্যথায় কখনোই সমস্যার সমাধান করা যাবে না।’শান্তিতে নোবেল জয়ী সু চি ২০১০ সালে মিয়ানমারে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান। তবে নিজ দেশের সহিংসতার বিষয়ে তিনি মুখ খোলেননি। এ ঘটনায় বিভিন্ন মানবাধিকার সংগঠন সু চির ভূমিকার তীব্র সমালোচনা করেছে।তবে সমালোচনা উড়িয়ে দিয়ে সু চি বলেন, ‘সহিংসতার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে আমার কোনো সংশয় নেই। কারণ, সহিংসতাকে আমি সব সময় ঘৃণা করি এবং সম্পূর্ণভাবে এর নিন্দা জানাই।’মিয়ানমারের সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশটিতে প্রায় আট লাখ রোহিঙ্গা রয়েছে। মানবাধিকারকর্মীরা বলছেন, মিয়ানমারে রোহিঙ্গারা মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছে। এর ফলে দিন দিন সমস্যাটা আরও প্রকট হচ্ছে। সু চি বলেন, ‘জাতিগত বৌদ্ধ ও রোহিঙ্গাদের মধ্যে সহিংসতা বড় ধরনের আন্তর্জাতিক ট্র্যাজেডি এবং সে জন্য আমি বলে আসছি, সরকারকে নাগরিকত্ব আইন সম্পর্কে অবশ্যই একটি সুনির্দিষ্ট নীতি ঠিক করতে হবে।’ এএফপি।