মিরাতি থেকে রাষ্ট্রপতি ভবনে
বর্তমান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরাতি গ্রামে ১৯৩৫ সালে বাঙালি সম্ভ্রান্ত পরিবারে জন্ম প্রণবের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করেন তিনি। এরপর শিক্ষকতা, সাংবাদিকতাও করেন। আইনজীবী হিসেবে কাজ করেছেন। তবে রাজনীতি তাঁকে টানত। জাতীয় কংগ্রেসের রাজনীতি দিয়েই রাজনৈতিক জীবনে প্রবেশ এই বাঙালির।১৯৬৯ সালে কংগ্রেস নেতা হিসেবে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য নির্বাচিত হন প্রণব। এরপর ১৯৭৫, ১৯৮১, ১৯৯৩ ও ১৯৯৯ সালে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। মাঝে ১৯৮০ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ২০০৪ সালে তিনি প্রথমবারের মতো লোকসভার সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে ওই পদে পুনর্নির্বাচিত হন। প্রণব ১৯৮২ সালে প্রথমবারের মতো বড় ধরনের দায়িত্ব পান। তরুণ প্রণবের বক্তৃতায় মুগ্ধ তৎকালীন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধী ৪৭ বছর বয়সী প্রণবকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। সবচেয়ে কম বয়সী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ১৯৮২-৮৩ সালে প্রথমবারের জাতীয় বাজেট পেশ করেন তিনি। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী হন ইন্দিরার ছেলে রাজীব গান্ধী। তাঁর মন্ত্রিসভায় স্থান হয়নি প্রণবের। দলীয় কোন্দলের কারণে দল থেকে পদত্যাগ করেন প্রণব। গঠন করেন রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামে নতুন একটি দল। ১৯৯১ সালে কংগ্রেস সরকার গঠন করলে পি ভি নরসীমা রাও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি প্রণবকে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নিয়োগ দিলে প্রণব ১৯৯৬ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন। ফিরে আসেন কংগ্রেসে। ২০০৪ সালে কংগ্রেস ক্ষমতায় এলে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি। দুই বছর পর তাঁকে দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। কংগ্রেস আবার ক্ষমতায় এলে ২০০৯ সালে তাঁকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ৭৬ বছর বয়সী প্রণব দিনে ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি ভালোবাসেন পড়তে, বাগান করতে ও গান শুনতে। ১৯৫৭ সালে বিয়ে করেন শুভ্রা মুখার্জিকে। এনডিটিভি।