মিলিব্যান্ড প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন!
লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন-স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) নেতা নিকোলা স্টার্জিয়নের কথিত এই মন্তব্য যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারে নতুন উত্তাপ ছড়িয়েছে।
সরকারি একটি দলিলের বরাত দিয়ে ডেইলি টেলিগ্রাফে গতকাল রোববার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভি বার্মেনের সঙ্গে একান্ত বৈঠকে নিকোলা ওই মন্তব্য করেছিলেন।
নিকোলা স্টার্জিয়ন ওই সংবাদকে শতভাগ অসত্য দাবি করে পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেছেন, নির্বাচনী প্রচারের এই সময়ে একটি টোরি (কনজারভেটিভ দল) সমর্থিত পত্রিকায় সরকারি ওই দলিল কীভাবে গেল, সেটাই বের করা জরুরি। তিনি বিষয়টিকে এসএনপির সঙ্গে লেবার দলের সম্ভাব্য জোট ঠেকানোর ‘নোংরা খেলা’ বলে মন্তব্য করেন।
ফ্রান্সের রাষ্ট্রদূতও ওই ধরনের কোনো মন্তব্যের কথা অস্বীকার করেছেন। দেশটির সিভিল সার্ভিসের (জনপ্রশাসন) প্রধান স্যার জেরেমি হেউড ইতিমধ্যে দলিল ফাঁসের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে কনজারভেটিভ দলের সমর্থনে ১০০ ধনী ব্যবসায়ীর চিঠি ছেপেছিল টেলিগ্রাফ।
বিভিন্ন জরিপের ফলাফল বলছে, আগামী ৭ মে অনুষ্ঠেয় যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আর স্কটল্যান্ডে ৫৯টি আসনের মধ্যে ৫০ টির বেশি আসনে জয়লাভ করতে পারে এসএনপি। আদর্শগত কারণে এসএনপি কনজারভেটিভ দলের বিরোধী। দলটি আগে বলেছিল, এসএনপির সমর্থন পেতে হলে লেবার দলকে পারমাণবিক খাতে ব্যয় বন্ধের শর্তে রাজি হতে হবে। কথিত ওই মন্তব্য ফাঁসের পর নিকোলা ঘোষণা দিয়েছেন, শুধু বাজেট কর্তন নীতি পরিহার করলে তিনি এড মিলিব্যান্ডকে প্রধানমন্ত্রীর পদে বসাবেন।