মিলিব্যান্ডের দপ্তরে চোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের হাউস অব কমন্সে বিরোধীদলীয় নেতা ও লেবার পার্টির প্রধান অ্যাড মিলিব্যান্ডের দপ্তরে শুক্রবার সন্ধ্যায় চোর ঢুকেছিল। লন্ডন মেট্রোপলিটন পুলিশ ও মিলিব্যান্ডের দলীয় মুখপাত্রের বরাত দিয়ে সানডে এক্সপ্রেস পত্রিকাটি এ কথা জানায়। তবে কিছু খোয়া গেছে কি না, পুলিশ এখনো সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি।৪২ বছরের মিলিব্যান্ড যুক্তরাজ্য সরকারের বাইরে সবচেয়ে ক্ষমতাধর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। নিরাপত্তা-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গোয়েন্দা সংস্থা এমআই৫ ও এমআই৬-এর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। এমআই৫-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুক্রবার সন্ধ্যায় লেবার পার্টির প্রধানের পার্লামেন্টারি দপ্তরে কেউ একজন প্রবেশ করেছিল। সে দপ্তরের বিভিন্ন ড্রয়ার ও দাপ্তরিক নথিপত্রের ফাইলগুলো ঘাঁটাঘাঁটি করে। বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক লেবার পার্টির একজন মুখপাত্র বলেন, ‘মনে হচ্ছে দলের নীতিনির্ধারণী এ দপ্তরটি কারও উদ্দেশ্য হাসিলের লক্ষ্য হয়ে উঠেছে। আমরা এখনো জানি না কিছু খোয়া গেছে কি না বা এভাবে চুরি করে ঢুকে ফাইলপত্র তছনছ করার কারণ কী হতে পারে। তবে ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এমনকি বিষয়টি ওয়েস্ট মিনস্টার প্যালেসেও জানানো হতে পারে।’যে কামরায় চোর ঢুকেছিল সেখানে লেবার পার্টির প্রধানের ব্যক্তিগত একটি আলমারি আছে। এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র ছিল। কিন্তু চোর সেগুলো ঘাঁটেনি। মিলিব্যান্ডের একজন সহযোগী জানান, এ কক্ষটি মিলিব্যান্ড অতিথিদের সঙ্গে সাক্ষাতের জন্য ব্যবহার করতেন। তবে চোর যখন ঢুকে, তখন তিনি সেখানে ছিলেন না।