মিলিব্যান্ডের পক্ষে কর্মজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এড মিলিব্যান্ড
এড মিলিব্যান্ড

নির্বাচনী প্রচারণার শুরুতেই যেন ব্যবসায়ী আর কর্মজীবীতে ভাগ হয়ে গেল যুক্তরাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল। গত মঙ্গলবার দেশটির ১০৩ জন ধনী ব্যবসায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টির অর্থনৈতিক পরিকল্পনাকে সমর্থন জানিয়ে টেলিগ্রাফ পত্রিকায় একটি চিঠি প্রকাশ করেন। এর জবাবে বুধবার বিরোধী লেবার পার্টিকে সমর্থন করে গণমাধ্যমে পাল্টা চিঠি পাঠিয়েছেন ব্যবসায়ী, লেখক, অভিনেতা, নার্স, চাকরিজীবীসহ ১০০ সাধারণ মানুষ।
কনজারভেটিভ পার্টির অর্থের জোগানদাতা শীর্ষ ব্যবসায়ীদের চিঠিতে অবাক হওয়ার কিছু নেই মন্তব্য করে লেবার পার্টির নেতারা বলছেন, শুধু ধনিক শ্রেণি নয়; সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব করে লেবার পার্টি।
২০১০ সালে ক্ষমতায় আসার পর ক্যামেরনের সরকার করপোরেট ট্যাক্স (বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর) এবং উচ্চ কর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। এটা সামাল দিতে সরকারি কল্যাণ ব্যয় হ্রাস করা হয়। তার চাপ পড়ে সাধারণ মানুষের ওপর। একই সঙ্গে শূন্য কর্মঘণ্টা চুক্তির (কর্মী নির্দিষ্ট ঘণ্টা কাজ পাবে এমন নিশ্চয়তা থাকবে না) নিয়ম চালুর ফলে প্রতিষ্ঠান কর্তৃক কর্মীরা অবিচারের শিকার হচ্ছেন। এসব নীতিকে ধনীবান্ধব আখ্যা দিয়েছে লেবার পার্টি। তারা ধনীদের আয়ের ওপর করের হার বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর সুযোগ বৃদ্ধির ঘোষণা দিয়েছে। অন্যদিকে লেবার পার্টি সম্পদ গড়ার বিরোধী এবং দলটি ক্ষমতায় এলে অর্থনীতি ভেঙে পড়বে—এমনটাই প্রতিষ্ঠিত করতে চাইছে কনজারভেটিভ পার্টি। বিপরীতে শূন্য কর্মঘণ্টার মতো ‘অমানবিক’ নিয়মের মাধ্যমে ক্যামেরন কীভাবে শুধু ধনিক শ্রেণির স্বার্থ রক্ষায় ব্যস্ত, তা বোঝাতে চাইছেন এড মিলিব্যান্ড।
৭ মে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।