মিলিশিয়াদের ৭২ ঘণ্টার মধ্যে ত্রিপোলি ছাড়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৭২ ঘণ্টার মধ্যে মিলিশিয়াদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দর নগর মিসরাতার স্থানীয় নেতা, সরকারি কর্মকর্তা ও সাবেক বিদ্রোহী নেতারা এক বিবৃতিতে এ নির্দেশ দিয়েছেন।
ত্রিপোলির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব লিবিয়ার পার্লামেন্ট ও সরকারের বলে গত রোববার দেওয়া ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। মিসরাতা থেকে ত্রিপোলিতে গিয়ে অবস্থানরত মিলিশিয়াদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা সম্প্রতি বিক্ষোভ করে। এতে মিলিশিয়াদের একজন গুলি চালালে গত শুক্রবার সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত ও ৪৫০ জন আহত হয়। ২০১১ সালের অক্টোবরের পর ত্রিপোলিতে এটিই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। লিবিয়ার গোয়েন্দা সংস্থার উপপ্রধানকে অজ্ঞাত বন্দুকধারীরা গত রোববার অপহরণ করেছে।
মিলিশিয়াদের একটি বড় অংশ লিবিয়ার সাবেক নেতা প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ২০১১ সালের সশস্ত্র লড়াই করেছিল। প্রথম দিকে তারা বীরের মর্যাদা পেলেও পরে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রীয় সরকারের দুর্বল শাসনব্যবস্থার সুযোগ নিয়ে আধিপত্য বিস্তার করতে থাকে। সাবেক ওই বিদ্রোহীরা অস্ত্রসমর্পণের আহ্বানও প্রত্যাখ্যান করে।
এদিকে লিবিয়ায় গত দুই বছর ধরে কোনো স্থিতিশীল সরকার নেই। প্রধানমন্ত্রী আলী জিদানকে গত অক্টোবরে কয়েক ঘণ্টা জিম্মি করে রেখেছিল বন্দুকধারীরা। পরে অবশ্য তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এএফপি ও বিবিসি।