মিলিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট রাফায়েলের মুখের হাসি
ইকুয়েডরে গত বছর প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন রাফায়েল কোরেয়া। ২০০৭ সালে ক্ষমতায় আসার পরই ‘নয়া উদারবাদ’ ব্যর্থ হয়েছে—এমন স্লোগান তুলে তাঁর ‘ক্রিস্টিয়ান সোশ্যালিজম’ ধারার রাজনীতির কথা বলে ইকুয়েডরবাসীর মন জয় করে নেন তিনি। তবে জনগণের মুখে যে হাসি ফোটানোর প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তিন বছরের মাথায় এসে তা এখন ব্যর্থ হতে বসেছে। কোরেয়ার নিজের মুখের হাসিও এখন ম্লান হতে বসেছে।নির্বাচনের আগে কোরেয়া দেশবাসীকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে প্রয়োজনীয় শিল্পকারখানায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং একচেটিয়া ব্যবসার প্রবণতা রোধ, আন্তর্জাাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্য কয়েকটি বিদেশি সংস্থার ঋণ অবৈধ ঘোষণা, পতিত ভূমি সরকারের দখলে নিয়ে পুনর্বণ্টন করা, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ঘোষণা দিয়ে নতুন সংবিধান তৈরি করে তখন রীতিমতো বিপ্লব ঘটিয়ে দেন কোরেয়া। এর সুফল হিসেবে তিনি ২০০৯ সালে ৫২ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে তাঁর সংশোধিত সংবিধানটি ৬৫ শতাংশ ভোটে অনুমোদিত হয়। জনপ্রিয়তার এমন অবস্থায় অনেক বিশ্লেষক বলতে থাকেন, কোরেয়াই পারবেন মেয়াদ পূর্ণ করতে। কারণ, কোরেয়ার আগের তিনজন প্রেসিডেন্টের কেউই তাঁদের নির্ধারিত মেয়াদকাল শেষ করতে পারেননি। কিন্তু এখন ইকুয়েডরের জনগণের মনোভাব পরিবর্তন হচ্ছে। এক জনমত জরিপে দেখা গেছে, কোরেয়ার জনপ্রিয়তা শুরুতে ছিল ৭২ শতাংশ এবং গত নভেম্বরে তা নেমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। দেশটিতে একটি সংস্কার প্রচলিত আছে, আর তা হলো নববর্ষের আগের সন্ধ্যায় কোনো বিরক্তিকর ব্যক্তির কুশপুত্তলিকা দাহ করা। আর এবার ইকুয়েডরবাসীর কাছে সেই কুশপুত্তলিকাটি ছিল কোরেয়ার। এ থেকেই বোঝা যায়, কোরেয়ার জনপ্রিয়তার পারদ নিম্নগামী। বিষয়টি কোরেয়া ও তাঁর সহযোগীরাও আঁচ করতে পারছেন। সে কারণেই সরকারের প্রতি সমর্থন ফিরিয়ে আনতে কোরেয়া একটি জনপ্রিয় স্লোগান ছেড়েছেন বাজারে। ওই স্লোগানটি হলো ‘হাসো ইকুয়েডর, হাসো’। তবে কোরেয়ার বড় ভাই ফেবরিসিও কোরেয়া মনে করেন, এ অবস্থা চলতে থাকলে কোরেয়া তাঁর নির্ধারিত মেয়াদকাল ২০১৩ সাল পর্যন্ত টিকে থাকতে পারবেন না।কোরেয়ার সমস্যার মুখোমুখি হওয়া শুরু ২০০৮ সাল থেকেই। ২০০৮ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের নভেম্বর পর্যন্ত দেশটিতে তেল উত্পাদন দারুণ কমে গিয়েছিল। বিভিন্ন হুমকির পরিপ্রেক্ষিতে বিদেশি কোম্পানিগুলোও দেশটিতে বিনিয়োগ করার আগ্রহ হারিয়ে ফেলে। এদিকে তিন মাস ধরে দেশটিতে বিদ্যুত্ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিরোধীরা বলছেন, কোরেয়া বিদ্যুত্ উত্পাদনে নতুন বিনিয়োগ টানতে ব্যর্থ হয়েছেন। এ অবস্থায় দেশবাসীর মন জয় করতে কোরেয়ার ‘হাসো ইকুয়েডর, হাসো’ প্রচারণা কতটুকু কাজে আসবে, তা ভবিষ্যত্ই বলে দেবে। দি ইকোনমিস্ট অবলম্বনে লিপি রানী সাহা।