মিলেমিশে নির্যাতন চালাতেন ব্রিটিশ-লিবীয় গোয়েন্দারা

লিবিয়ায় বন্দীদের ওপর নিপীড়ন চালিয়ে ও বলপ্রয়োগ করে তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে ব্রিটিশ গোয়েন্দাদের বিরুদ্ধে।
আল জাজিরা বলছে, লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত আবু সালিম কারাগারে বন্দীদের ওপর নির্যাতন চালিয়ে মিথ্যা তথ্য সংগ্রহ করতেন লিবীয় ও ব্রিটিশ গোয়েন্দারা। পরে সেসব সূত্র ধরে ব্রিটেনে বসবাসকারী লিবীয় নাগরিক ও বংশোদ্ভূতদের আটক করে হয়রানি করা হতো।
আল জাজিরার ‘পিপল অ্যান্ড পাওয়ার’ নামের একটি অনুষ্ঠানের একদল সাংবাদিক অনুসন্ধান চালিয়ে লিবীয় গোয়েন্দাদের বেআইনি তত্পরতার সঙ্গে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম আই সিক্সের সংশ্লিষ্টতার প্রমাণ পায়।
গাদ্দাফিবিরোধী দল লিবিয়ান ইসলামিক ফাইটিং গ্রুপের (এলআইএফজি) নেতা আবদেল-হাকিম বেলহাজ আল জাজিরাকে বলেন, তিনি ও দলের আরেক নেতা সামি আল-সাদি লিবীয় গোয়েন্দাদের নির্যাতনের শিকার হন। জোর করে তাঁদের যুক্তরাজ্যে বসবাসকারী নিরপরাধ লিবীয় নাগরিকদের নাম বলতে বাধ্য করা হয়।
আল-সাদি ও বেলহাজ দুজনই বলেছেন যে, কারাগারে তাঁদের ওপরে যেসব গোয়েন্দারা নির্যাতন চালিয়ে তথ্য নিয়েছেন, তাঁদের মধ্যে ব্রিটিশ গোয়েন্দারাও ছিল।
আল জাজিরা বলছে, অনুসন্ধানে যেসব তথ্য মিলেছে, তাতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব।
বেলহাজের আইনজীবীরা বলছেন, ২০০৪ সালে ব্রিটেনের একটি ঘটনায় জড়িয়ে পড়েন বেলহাজ ও তাঁর পরিবার।
আল জাজিরার অনুসন্ধানী দলের সদস্য ও সাংবাদিক জুলিয়ানা রুহফাস বলেন, ‘ত্রিপোলিতে এসে বিদ্রোহীরা গাদ্দাফির পুরোনো ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবগুলো ভবন তছনছ করে।’ তিনি আরও বলেন, ‘সে সময় তাঁরা (বিদ্রোহীরা) গোয়েন্দা প্রধান মুসা কোসার দপ্তরে বেশকিছু নথিপত্র খুঁজে পান। সেগুলো থেকে ব্রিটিশ ও লিবীয় গোয়েন্দাদের যৌথ তত্পরতার বিষয়ে বিস্তারিত জানা যায়।’
বেলহাজ বলেন, ব্রিটেনে বাস করা লিবীয়দের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য গাদ্দাফির গোয়েন্দারা তাঁর ওপর চাপ সৃষ্টি করেছিলেন। তিনি বলেন, ‘মাঝে মাঝে তাঁরা প্রশ্নোত্তর লেখা কাগজ নিয়ে আমার কাছে আসত শুধু স্বাক্ষর নেওয়ার জন্য। তাঁরা কিছু নাম উল্লেখ করে বলত, ওই মানুষেরা সশস্ত্র তত্পরতার সমর্থক।’
যুক্তরাজ্যে আশ্রয় পাওয়া জিয়াদ হাশেম এ ধরনের অত্যাচারের শিকার হয়েছিলেন। হাশেমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, তাঁকে কোনো অভিযোগ ছাড়াই যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ‘কোনো কারণ না দেখিয়ে অযথাই আমাদের জেলে পুরে রাখা হয়।’
এই সম্পর্কে ব্রিটিশ সরকার বলেছে, যেহেতু তারা নির্যাতন চালানোর বিরোধী, যেহেতু তারা চায় না যে অন্য কোনো দেশ এভাবে নির্যাতন চালায়, তাই সব ধরনের অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তবে ভিন্নমতাবলম্বীরা বলছেন, গাদ্দাফির কারাগারে তাঁদের আটকে রাখার পেছনে ব্রিটিশ সরকারের হাত ছিল।