মিশেল ওবামার ব্যতিক্রমী ভোজ
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা খামার থেকে আনা টাটকা শাকসবজি দিয়ে আপ্যায়ন করবেন নারী রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন। নিউইয়র্কে জাতিসংঘের ৬৫তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ২৪ সেপ্টেম্বর শুক্রবার এই বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে।বিভিন্ন দেশ থেকে আসা রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীরাও থাকবেন এই ভোজে। উৎকৃষ্ট উপায়ে খাদ্যশস্য উৎপাদন ও পুষ্টিকর সুস্বাদু খাবারের প্রতি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মিশেল এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।গত শুক্রবার হোয়াইট হাউস থেকে জানানো হয়, ভোজের আগে মিশেল ওবামা আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রসিদ্ধ ‘স্টোন বার্ন সেন্টার’ খামার পরিদর্শনে যাবেন। জাতিসংঘ সদর দপ্তর থেকে প্রায় ২৫ মাইল দূরে টেরিটাউন শহরে অবস্থিত এই খামারে জৈব সার ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে শাকসবজির উৎপাদন হয়ে থাকে। অতিথিরা সেখানে এই উৎপাদন সরেজমিনে দেখবেন। স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা খামারের উৎপাদনকাজে জড়িত। যুক্তরাষ্ট্রে বড় বড় খামারিরা এখন পরিবেশবান্ধব সবজি উৎপাদন ও হাঁস-মুরগি লালন-পালনে পরিবেশবান্ধব প্রক্রিয়া কাজে লাগাতে আগ্রহী। সবজি চাষে মিশেল ওবামাও বেশ উৎসাহী। এবারের গ্রীষ্মে নিজ বাগানে সবজি উৎপাদন ও এর পরিচর্যা করছেন নিজেই।খামার পরিদর্শনের পর ২৪ সেপ্টেম্বর ম্যানহাটনের ব্লু হিল রেস্তোরাঁয় অতিথিদের বিশেষ ভোজে আপ্যায়িত করবেন মিশেল। খামার থেকে সদ্য আসা সতেজ শাকসবজি থাকবে খাবারে। ভোজসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ফার্স্ট লেডি মিশেল।