মিশেল ওবামার লেখা বাগানবিষয়ক বই প্রকাশিত
মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। হোয়াইট হাউসের বাগানের ওপর লেখা তাঁর প্রথম বইটি গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। স্থূলতার সমস্যায় জর্জরিত জাতিকে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসের প্রতি আকৃষ্ট করতেই মিশেল এ বই লিখেছেন। আমেরিকান গ্রোন: দ্য স্টোরি অব দ্য হোয়াইট হাউস কিচেন গার্ডেনস অ্যান্ড গার্ডেনস অ্যাক্রস অ্যামেরিকা নামের ওই বইয়ের প্রচ্ছদের ছবিতে মিশেল ওবামার হাতে রয়েছে ঝুড়িভর্তি সবজি। বইটিতে স্বাস্থ্যসম্মত কয়েকটি খাবার রান্নার পদ্ধতির পাশাপাশি তাঁর শৈশবস্মৃতিসহ জীবনের কিছু ঘটনার বর্ণনা করা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিশেল বলেন, একান্ত ভালোলাগা থেকে তিনি বইটি লিখেছেন। এতে মার্কিনিদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন চ্যালেঞ্জ ও সামনে এগিয়ে যাওয়ার জন্য করণীয় প্রভৃতি বিষয় তুলে ধরা হয়েছে। ক্রাউন পাবলিশিং গ্রুপ প্রকাশিত বইটির দাম রাখা হয়েছে ৩০ ডলার।স্থূলতা যুক্তরাষ্ট্রে বর্তমানে বড় একটি স্বাস্থ্য সমস্যা বলে বিবেচিত। দেশটিতে প্রতি তিনজন পূর্ণবয়স্ক মানুষের একজন এবং প্রতি পাঁচ শিশুর একজন অতিরিক্ত ওজনের সমস্যায় আক্রান্ত। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দীর্ঘদিন ধরেই কাজ করছেন মার্কিন ফার্স্ট লেডি। হোয়াইট হাউসের সাউথ লনে অবস্থিত সবজির বাগানটি তাঁর ‘লেটস মুভ’ অভিযানের প্রতীকে পরিণত হয়েছে। ২০০৯ সালে হোয়াইট হাউসে যাওয়ার কয়েক সপ্তাহ পরই মিশেল ওই সবজির বাগানের কাজ শুরু করেছিলেন। এএফপি।