মিশেল-হিলারির বিরোধ নিয়ে গুঞ্জনের অবসান

জোর গুঞ্জন ছিল স্বামী প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা ছাড়ার পর রাজনীতিতে নামছেন মিশেল। ইলিনয় অঙ্গরাজ্য থেকে সিনেটর হিসেবে লড়বেন তিনি। এ নিয়ে মিশেলের সঙ্গে মানসিক বিরোধ চলছিল প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের।
হোয়াইট হাউস ছাড়ার পর মিশেল রাজনীতিতে আসছেন না—এ ঘোষণার পর এসব গুঞ্জনের অবসান ঘটেছে।
গত সোমবার হোয়াইট হাউসে পরিবারবান্ধব কর্মস্থল নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মিশেল রাজনীতিতে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এর মধ্য দিয়ে নিন্দুকের মুখে ছাই ছিটালেন মিশেল। শুধু গুঞ্জনের অবসানই নয়, মিশেল একটি টিভি চ্যানেলকে বলেন, ‘যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রে একজন নারী প্রেসিডেন্ট দরকার। আর এর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত।’
যদিও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনে অনেকটা সময় বাকি, এই নভেম্বরে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৬ সালে হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে তাঁকে সমর্থন দেবেন ওবামা। যদিও ২০০৮ সালে ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে ওবামার জন্য মনোনয়ন পাননি হিলারি।
রক্ষণশীল অ্যাড ক্লেইনের সম্প্রতি প্রকাশিত ব্লাড ফিউড বইয়ে বলা হয়েছে, ওবামা ও ক্লিনটন পরিবারের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন একসময় স্ত্রী হিলারির প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে ব্যাপক প্রশংসা করেছিলেন ওবামার কাছে। এরপর ওবামাও নড়েচড়ে বসেন। ওবামা তাঁর দলকে মিশেলের চমত্কার রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে বলে আভাস দেন।
বইটিতে ক্লেইন দাবি করেন, ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা বিল ক্লিনটনকে একজন ‘বর্ণবাদী’ বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে ক্লিনটন তাঁর এক বন্ধুকে বলেছিলেন, ‘আমি যত মানুষ দেখেছি এর মধ্যে এই মানুষটিকে (ওবামা) সবচেয়ে বেশি ঘৃণা করি।’ তবে ওবামাকে ‘প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট’ হিসেবে পেয়ে গর্ববোধ করেন ক্লিনটন।