মিশেল ‘সিঙ্গেল’ মা!
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা আদর্শ দম্পতি হিসেবেই পরিচিত। তাঁরা পরস্পরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীলও বটে। তাঁদের দাম্পত্য জীবন প্রশংসনীয় ও ঈর্ষণীয়। কিন্তু সম্প্রতি ভুল করে মিশেল নিজেকে ‘সিঙ্গেল’ মা বলে উল্লেখ করেন।চলতি সপ্তাহের শুরুর দিকে স্থানীয় একটি রেডিওতে সাক্ষাৎকার দেন মিশেল। ‘বিশ্বাস করুন, একজন ব্যস্ত সিঙ্গেল মা হিসেবে...’ এভাবেই কথা শুরু করেন মার্কিন এই ফার্স্ট লেডি। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পারেন তিনি। তাৎক্ষণিকভাবে শুধরে নেন নিজেকে। এরপর তিনি বলেন, ‘আসলে আমার সিঙ্গেল বলা উচিত নয়। যদিও একজন ব্যস্ত মা হিসেবে...আপনি যখন একজন প্রেসিডেন্টকে স্বামী হিসেবে পাবেন, তখন নিজেকে কিছুটা সিঙ্গেল অনুভব করতেই পারেন।’ এই অনিচ্ছাকৃত ভুলের জন্য হেসেও ফেলেন মিশেল।চলতি সপ্তাহে বারাক ওবামাও একটা ভুল করে বসেন। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল কামালা হ্যারিসকে নিয়ে একটি মন্তব্য করেন তিনি। পেশাদারির প্রশংসার পাশাপাশি ওবামা বলেন, ‘কামালা দেশটির সবচেয়ে আকর্ষণীয় অ্যাটর্নি জেনারেল।’ এই মন্তব্যের জন্য সমালোচিত হন ওবামা। এর জন্য পরে অবশ্য ক্ষমা চেয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।