মিশেলকে চমকে দিলেন বারাক ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের জন্মদিনেও একটা চমকই পেলেন মিশেল ওবামা। বলা নেই, কওয়া নেই, জন্মদিনের আগের রাতে স্বামী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফার্স্ট লেডিকে তাঁর পছন্দের রেস্তোরাঁয় নিয়ে যান। আয়োজন করেন এক ছোটখাটো অনুষ্ঠানের । গতকাল রোববার ৪৬ বছরে পা রাখেন মিশেল ওবামা। কিন্তু বারাক ওবামা শনিবার রাতেই ওয়াশিংটনের ডুপন্ট সার্কেল এলাকায় নোরা রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন। রেস্তোরাঁটি অর্গানিক খাবারের (বিশেষ উপায়ে উত্পাদিত সবজি ও ফলমূল) জন্য বিখ্যাত। নিজের পছন্দের রেস্তোরাঁয় এই আয়োজনে চমকিত হওয়ার পাশাপাশি যারপরনাই খুশি হন মিশেল।শনিবারের রাতের এ অনুষ্ঠানে ওবামা দম্পতির দুই মেয়ে মালিয়া ও সাশা ছিল না। তবে তাতে আনন্দের কোনো ঘাটতি হয়নি। মা মেরিয়ান রবিনসনকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন মিশেল। এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার, হোয়াইট হাউজের উপদেষ্টা ভ্যালারি জ্যারেট এবং প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির অভ্যন্তরীণ-বিষয়ক উপদেষ্টা জোসেলিন ফ্রাই। নৈশভোজে মিশেল ওবামা কালো রংয়ের লম্বা ফ্রক পরে এসেছিলেন। আর প্রেসিডেন্ট ওবামা এসেছিলেন সাদামাটা পোশাকে। গত বছরের জন্মদিনটি মিশেল ওবামা ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটনের পথে ট্রেনে কাটিয়েছেন। এতে যাত্রাপথেই শুভদিনটার বেশির ভাগ অংশ কেটে যায় তাঁর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে স্বামী বারাক ওবামার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। খবর এপি ও এএফপির।