মিশেলকে ভয় পান ওবামা!

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা—এটি অবিশ্বাস করার মতো লোক পৃথিবীতে খুঁজে পাওয়া বোধ হয় দুষ্করই হবে। তাই অনেক দেশেরই রাষ্ট্র ও সরকারপ্রধান তাঁকে সমীহ করে চলেন। আর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তিটিও একজনকে সমীহ করে চলেন, তাঁকে ভয় পান! তাঁর ভয়ে তিনি ধূমপান ছেড়েছেন। নিজেই বিষয়টি অকপটে স্বীকার করলে হাটে হাঁড়ি ভাঙবে ভাবেননি।
গত সোমবার জাতিসংঘের বিশেষ দূত মাইনা কিয়াইয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় ওবামা বলছিলেন, ‘আমি আমার স্ত্রী মিশলকে ভয় পাই। আর এ কারণেই আমি ধূমপান ছেড়েছি।’
কিন্তু ওবামার এই সরল স্বীকারোক্তির সময় যে মাইক খোলা ছিল, সেটি খেয়াল ছিল না তাঁর। মার্কিন সংবাদ চ্যানেল সিএনএন তাঁদের কথোপকথনের দৃশ্য ধারণ করেছে।
ধারণকৃত দৃশ্যে দেখা যায়, অনুষ্ঠান শেষে দাঁড়ানোর সময় ওবামা তাঁর সামনে থাকা মাইনাকে জিজ্ঞাসা করেন, তিনি ধূমপান ছেড়েছেন কি না। কিন্তু মাইনা এ বিষয়ে তাঁকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। এতে তিনি স্মিত হেসে বলেন, ‘সম্ভবত গত ছয় বছরে আমি কোনো সিগারেট খাইনি। মিশেলের ভয়ে আমাকে ধূমপান ছাড়তে হয়েছে।’
শারীরিক সবলতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সুখ্যাতি রয়েছে ওবামার। তবে দীর্ঘদিন ধরে সিগারেটের প্রতি তাঁর দুর্বলতার বিষয়টিও অনেকেরই জানা। নিজ স্মৃতিগ্রন্থ ড্রিমস ফ্রম মাই ফাদার বইয়ে বিষয়টি অকপটে স্বীকারও করেন তিনি। ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু হলে ওবামার ধূমপান আসক্তি এবং তা ছাড়ার জন্য তাঁর আপ্রাণ চেষ্টার টুকিটাকি মার্কিন গণমাধ্যমে আসে। এএফপি।