মিশেলকে হত্যার হুমকি পুলিশ কর্মকর্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ওয়াশিংটন ডিসির একজন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি গত বুধবার ওই হুমকি দেন বলে পুলিশের একাধিক কর্মকর্তা অভিযোগ করেন।নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, হোয়াইট হাউসে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা অন্যদের সঙ্গে কথা বলার সময় ফার্স্ট লেডিকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের অভ্যন্তরীণ একটি বিভাগ ওই ঘটনার তদন্ত করছে। ওবামা পরিবারের নিরাপত্তা নিয়ে কয়েকজন পুলিশ সদস্যের আলোচনায় একজন কর্মকর্তা মিশেল ওবামাকে গুলি করার ঘোষণা দেন। অস্ত্রের ছবিও তিনি অন্যদের দেখান। বক্তার অজ্ঞাতে বিষয়টি শুনতে পেয়ে অপর এক কর্মকর্তা গোয়েন্দা সংস্থাকে জানিয়েছিলেন। ঠিক কোথায় ও কতজন কর্মকর্তার মধ্যে ওই আলোচনা হয়েছিল এবং ফার্স্ট লেডিকে হত্যার জন্য কী ধরনের অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছিল, তা বলা হয়নি। ওয়াশিংটন ডিসি পুলিশের মুখপাত্র গিউয়েনডোলিন জানান, ‘অনুচিত মন্তব্যের একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ ওয়াশিংটন পোস্ট।