মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যে কারণে অযোগ্য
উজ্জ্বল চুল, দীর্ঘ পা, কোমল চেহারা তাঁর। জেনা টালাকোভা (২৩) হতে পারতেন কানাডার মিস ইউনিভার্স প্রতিযোগিতার শক্ত প্রতিদ্বন্দ্বী। কিন্তু প্রতিযোগিতায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কারণ, তিনি লিঙ্গ পরিবর্তন (ট্রান্সজেন্ডার) করেছেন। ভ্যাঙ্কুভারের এই মডেলকন্যা অভিযোগ করেছেন, তিনি বৈষম্যের শিকার। তিনি বলেন, প্রতিযোগিতায় তাঁকে যোগ্য ঘোষণা করতে অনলাইনে ২৮ হাজারের বেশি মানুষ তাঁর অনলাইনে আবেদন জানিয়েছে। কানাডা মিস ইউনিভার্সের আয়োজকেরা গত শুক্রবার তাঁদের ওয়েবসাইটে জানান, প্রতিযোগিতার প্রয়োজনীয় যোগ্যতা অর্জন না করায় টালাকোভাকে অযোগ্য ঘোষণা করা হলো। চলতি বছরের প্রতিযোগিতার জন্য ৬৫ জনের চূড়ান্ত তালিকা করা হয়েছে। টালাকোভা ওই সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। তাঁর বিশ্বাস, কেবল লিঙ্গ পরিবর্তনের কারণেই তাঁকে অযোগ্য ঘোষণা করা হলো।টালাকোভা কানাডার সিটিভিকে বলেন, ‘আমি এই পরিস্থিতিকে ইতিবাচক একটি পদক্ষেপে পরিণত করতে চাই, যাতে ভবিষ্যতে একই পরিস্থিতিতে অন্যরা বৈষম্যের শিকার না হয়।’টালাকোভাকে অযোগ্য ঘোষণা করার খবরটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়লে অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়। এএফপি।