মিস ওয়ার্ল্ড নির্বাচিত হলেন মার্কিন সুন্দরী আলেক্সান্দ্রিয়া মিলস
যুক্তরাষ্ট্রের সুন্দরী আলেক্সান্দ্রিয়া মিলস এবারের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন। সারা বিশ্বের শতাধিক সুন্দরীকে টপকে তিনি এ গৌরব অর্জন করলেন। চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের অবকাশকেন্দ্র সানিয়ায় গতকাল শনিবার এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।গতবারের মিস ওয়ার্ল্ড কিয়ান আলদোরিনো যখন তাঁর মাথায় বিজয়মুকুট পরিয়ে দিচ্ছিলেন, তখন আবেগতাড়িত হয়ে পড়েন ১৮ বছরের মিলস। এরপর নতুন মিস ওয়ার্ল্ডকে হীরকখচিত একটি সিংহাসনে বসানো হয়। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬০তম বার্ষিকী উপলক্ষে এবার এই বিশেষ সম্মানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন বতসোয়ানার সুন্দরী এমা ওয়ারিস ও দ্বিতীয় রানার-আপ ভেনেজুয়েলার আদ্রিয়ানা ভ্যাসিনি।গতকাল সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড-২০১০ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সূচনা হয়। হাইনান দ্বীপের আদিবাসী শিল্পীদের ঐতিহ্যবাহী নাচ ও বাদ্যের তালে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানমঞ্চ ‘বিউটি ক্রাউন থিয়েটার’। এরপর একে একে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা ১১৫ জন সুন্দরী মঞ্চে আসেন। দর্শকেরা হর্ষধ্বনি দিয়ে তাঁদের অভিনন্দন জানান। তবে হংকংয়ের সুন্দরী চিয়্যুং সাউ ম্যান মঞ্চে এলে দুই হাজার দর্শকের সবাই সবচেয়ে বেশি করতালি আর হর্ষধ্বনিতে মেতে ওঠেন। এএফপি।