মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার বছরপূর্তি হচ্ছে আজ বৃহস্পতিবার। ইতিমধ্যে তাঁর সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি তাঁর উত্তরাধিকার নির্বাচিত হয়েছেন, যদিও ওই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন রয়েছে।
সমালোচকেরা বলছেন, মিসর এখন আগের চেয়ে অনেক বেশি বিভক্ত হয়ে পড়েছে। আরও বেশি রক্তপাত ঘটছে। রাস্তায় রাস্তায় মানুষ হত্যা এখন নিত্যদিনের ঘটনা। কেউ কেউ বলছেন, মিসরে এখন সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের সময়ের চেয়েও বাজে পরিস্থিতি বিরাজ করছে। খবর এএফপির।
আন্দোলনের মুখে গত বছরের ৩ জুলাই তৎকালীন সেনাপ্রধান সিসির নেতৃত্বে ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। ২০১২ সালের মে মাসে নির্বাচনে সিসি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১১ সালে কয়েক দিনের টানা বিক্ষোভের মুখে স্বৈরশাসক হোসনি মোবারক ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর থেকেই অনেকে মনে করতেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সিসিই সবচেয়ে উপযুক্ত। এ ভাবমূর্তির বদৌলতে নির্বাচনে জয়ী হন তিনি।
কিন্তু মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাঁর দল মুসলিম ব্রাদারহুডের কর্মী-সমর্থকেরা প্রতিবাদ-বিক্ষোভ করে আসছেন। ইতিমধ্যে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়েছে। সংগঠনটির হাজারো নেতা-কর্মীকে পাঠানো হয়েছে কারাগারে। গণবিচার করে প্রায় ২০০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অনেক কর্মী-সমর্থক আছেন আত্মগোপনে।
অভিযোগ উঠেছে, মুরসির সমর্থকেরা এখন জঙ্গি হামলা চালাচ্ছেন। গত সোমবারও সিসির প্রাসাদের বাইরে পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে পুলিশের দুই সদস্য নিহত হন।
পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করার অপরাধে ২৪ জন ধর্মনিরপেক্ষ কর্মীর কারাভোগের মেয়াদ কয়েক দিন আগে বাড়িয়ে দেন একটি আদালত। অথচ মুরসিকে ক্ষমতাচ্যুত করার সময় এসব কর্মীর অনেকে সিসিকে সমর্থন দিয়েছিলেন। পরে মুরসির প্রায় এক হাজার ৪০০ সমর্থককে হত্যার প্রতিবাদ করেন তাঁরা।
সরকার দাবি করছে, মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে জঙ্গি হামলায় অন্তত ৫০০ সেনা ও পুলিশ নিহত হয়েছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ শাদি হামিদ বলেন, ‘এটি সত্যি অন্ধকার সময়। আমরা দেখছি, এক নাগরিক অন্য নাগরিককে হত্যা করছে। ভাই হত্যা করছে আরেক ভাইকে। এটা হয়তো গৃহযুদ্ধ নয়। তবে গৃহ-সংঘাত চলছে। এখন মিসর অনেক বেশি বিভক্ত হয়ে পড়েছে।’
কারনেজ মিডল ইস্ট সেন্টারের বিশেষজ্ঞ ইয়াজিদ সাইঘ মন্তব্য করেন, মিসর এখন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তবে ৮৬ কছরের পুরোনো নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডের মূল উৎপাটিত হয়েছে, এমন ধারণা করা বোকামি হবে।