মিসরকে ঘিরে নানা অনিশ্চয়তা
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর এই অবস্থা দেশটিতে নানা অনিশ্চয়তা সৃষ্টি করেছে। দেশটির গণমাধ্যমেও অনিশ্চয়তার বিষয়টি উঠে এসেছে।মোবারকের পতনের পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো ঘোষণা করা হয়নি। আজ বৃহস্পতিবার এই ফল ঘোষণা করার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে দুই প্রতিদ্বন্দ্বী মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি ও মোবারকের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক নিজেদের বিজয় দাবি করেছেন।অন্যদিকে মোবারকের পতনের পর থেকে দেশটির ক্ষমতাসীন সশস্ত্র বাহিনী সুপ্রিম কাউন্সিল নির্বাচনে বিজয়ী প্রার্থীর কাছে ক্ষমতা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করলেও এ নিয়ে এখন নানা সংশয় দেখা দিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন আগে আদালতের রায়ে পার্লামেন্ট অবৈধ ঘোষণার বিষয়টি এই সংশয়েরই ইঙ্গিত দিচ্ছে। একে অনেকেই সুপ্রিম কাউন্সিলের ক্ষমতা সুসংহত করার কৌশল বলে মনে করছে।এই পরিস্থিতিতে মোবারকের সংকটাপন্ন অবস্থা সংশয় আরও ঘনীভূত করেছে। গতকাল দেশটির গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনেও তা প্রতিফলিত হয়েছে। আল আহরাম পত্রিকার মূল শিরোনাম ছিল, ‘মোবারকের মৃত্যু নিয়ে বিভ্রান্তি’। এর নিচে নির্বাচন কমিটির কাছে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর পরস্পরের বিরুদ্ধে অভিযোগের বিষয় নিয়ে করা প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘মিসরের ইতিহাসে আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ’।আল আকবার পত্রিকার মূল শিরোনাম ছিল, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মোবারক’। এর নিচে প্রেসিডেন্ট নির্বাচনে মুরসি ও শফিকের নিজ নিজ বিজয় দাবি করা নিয়ে লেখা একটি প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘ভবিষ্যতের প্রেসিডেন্ট কে, তা অজানা’।এদিকে মোবারকের আইনজীবী ফরিদ আল দেব অভিযোগ করে বলেছেন, কারা হাসপাতালে সাবেক এই প্রেসিডেন্টকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এ ছাড়া কারা কর্তৃপক্ষ তাঁকে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ারও অনুমতি দেয়নি। রয়টার্স।