মিসরজুড়ে জরুরি অবস্থা জারি

মিসরের অন্তর্বর্তী সরকার আজ বুধবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। মুরসি-সমর্থকদের ওপরে পুলিশের অভিযানের প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্টের পদ ত্যাগ করেছেন মোহাম্মদ এলবারাদি। বিবিসি বলছে, কায়রোর দুটি স্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি ও মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের অবস্থান ধর্মঘটের ওপর পুলিশি অভিযানে শ খানেক মানুষ মারা যাওয়ার পর এক মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হলো। গত জুলাই মাসে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে। মুরসিকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে ও বাতিল করা সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবিতে অবস্থান ধর্মঘট ও মিছিল চালিয়ে যাচ্ছে মুসলিম ব্রাদারহুডের সদস্য ও সমর্থকেরা। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশী অভিযানে ১৪৯ জন মানুষ নিহত হয়েছে। তবে মুসলিম ব্রাদারহুড বলছে, মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘উদ্দেশ্যপ্রণোদিত অন্তর্ঘাত, সরকারি ও বেসরকারি ভনের ওপরে হামলা ও উগ্রপন্থীদের হাতে জনজীবন জিম্মি হয়ে যাওয়ার কারণে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পুরোপুরি হুমকির মুখে পড়েছে।’

ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ
দেশটির ভাইস প্রেসিডেন্ট ও নোবেলজয়ী আইনবিদ মোহাম্মদ এল বারাদি আজকের সংঘাতের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এলবারাদি এক বিবৃতিতে বলেন, ‘যেসব কাজের সঙ্গে আমি একমত নই, সেগুলোর দায়দায়িত্ব চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি এসব কর্মকাণ্ডের ফলাফল নিয়ে শঙ্কিত। আমি এক ফোটা রক্তপাতের দায়িত্বও নিতে রাজি নই।’
পুলিশের অভিযান
আজ ভোরে কায়রোর পূর্বাঞ্চলে রব আল-আদাবিয়া মসজিদের বাইরে অবস্থান ধর্মঘট পালনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বুলডোজার ও সাঁজোয়া যান নিয়ে অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, নাদা চত্বরে অবস্থান নেওয়া প্রতিবাদীদের উচ্ছেদ করা হয়েছে।
প্রতিবেদকেরা জানিয়েছেন, চত্বরের যে জায়গায় মৃতদেহগুলো সংরক্ষণ করা হয়েছে, তার পাশে অস্থায়ীভাবে নির্মিত এক হাসপাতালে আহত লোকজনকে চিকিত্সা দেওয়া হচ্ছে।
বিবিসি বলছে, নিহত লোকজনের মধ্যে মুসলিম ব্রাদারহুডের প্রভাবশালী নেতা মোহাম্মদ আল-বেলতাগির কন্যা আসমা আল-বেলতাগিও আছেন।
ব্রিটিশ মালিকানাধীন বার্তা টিভি ‘স্কাই নিউজ’-এর ক্যামেরাম্যান মাইক ডেন ও ‘গালফ নিউজ’-এর প্রতিবেদক হাবিবা আহমেদ আবদ আলাজিজও নিহত হয়েছেন।
এ ঘটনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর মুখপাত্র মার্টিন নাসির্কি বলেন, বান কি মুন সব মিসরীয়কে সত্যিকার অর্থে সমাধানে পৌঁছাবার জন্য এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
কায়রোর বাইরে সংঘাত
কায়রোর বাইরেও অনেক স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সুয়েজ এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুরসির সমর্থকেরা সেখানকার সরকারি কার্যালয়গুলোতে হামলা চালাতে গেলে পুলিশ বাধা দেয়। এরপর দুপক্ষের সংঘর্ষ বাধে।
উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রিয়া ও বেহেরিয়া এবং মধ্যাঞ্চলের প্রদেশ আসিওত ও মিনিয়াতেও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সদস্যদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলের আসওয়ান শহরে মুরসি-সমর্থকেরা গভর্নরের কার্যালয় ঘিরে রেখেছে।
মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন মেনা বলছে, মধ্য মিসরের তিনটি কপ্টিক চার্চে হামলা চালানো হয়েছে। এ ছাড়া সোহাগ শহরের কপ্টিক খ্রিষ্টানদের ঘরবাড়িতেও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নাদা চত্বর থেকে প্রতিবাদীদের সবকিছু সরিয়ে ধোয়ামোছার কাজ চলছে।
মিসরের আরেকটি টিভি চ্যানেল নাইল টিভি জানিয়েছে, রাতেও কায়রোর চিড়িয়াখানা ও বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সঙ্গে মুরসি-সমর্থকদের সংঘাত চলছে।
সরকারের বক্তব্য
আজকের সংঘাতে ঠিক কতজন প্রাণ হারিয়েছেন, তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। তবে বিবিসি আরবির প্রতিবেদক খালেদ এজেলারাব জানিয়েছেন, রব আল-আদাবিয়া মসজিদের চত্বরে তিনি ৫০টি লাশ দেখেছেন।
মুসলিম ব্রাদারহুডের ওয়েবসাইট ইখওয়ান অনলাইনে বলা হয়েছে, মৃতের সংখ্যা অন্তত ৮০০।
তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কারও ওপর গুলি চালানো হয়নি এবং পুলিশি অভিযানে কারও মৃত্যু হয়নি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘দুটি শিবিরের প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কেবল কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করেছে। যদিও অনেক বেশি গ্যাস ছোড়া হয়েছে, তবুও তা করা হয়েছে সশস্ত্র বিক্ষোভকারীদের দমন করতে। এতে একজন পুলিশ কর্মকর্তা ও একজন সেনাসদস্য মারা গেছেন। আহত হয়েছেন চারজন পুলিশ ও দুজন সেনা সদস্য।’
বিক্ষোভকারীদের সাফল্যের সঙ্গে ছত্রভঙ্গ করায় দেশটির সরকার নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছে।
সরকারের একজন মুখপাত্র একটি টিভিকে বলেন, নিরাপত্তা বাহিনী অনেক ‘নিয়ন্ত্রিত’ উপায়ে অভিযান চালিয়েছে বলেই ‘এত কম’ ক্ষয়ক্ষতি হয়েছে।
মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে টেলিভিশনে লোকজনদের গাড়ি নিয়ে ঘটনাস্থলগুলোর দিকে যাওয়ার জন্য বারবার আহ্বান জানানো হচ্ছে। আহত লোকদের হাসপাতালে নেওয়ার জন্য এ গাড়িগুলো প্রয়োজন বলে জানাচ্ছে টিভির ঘোষণা।
দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মুসলিম ব্রাদারহুডের অনেক নেতাকে আটক করা হয়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
এ ঘটনায় ‘ভীষণ উদ্বেগ’ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান পুলিশি অভিযানকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, যেসব রাষ্ট্র মিসরের ঘটনায় চুপ করে আছে, তারা কার্যত ‘গণহত্যার’ প্রতি প্রচ্ছন্ন ইন্ধন জোগাচ্ছে। তিনি জাতিসংঘ ও আরব লিগকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ পুলিশের বলপ্রয়োগের নিন্দা জানিয়েছেন।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি বিবিসিকে বলেন, কোনো অবস্থান ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। তিনি বলেন, এত দিন কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপ চালিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু তারা তাতে রাজি হয়নি। তিনি বলেন, ‘যদি পুলিশকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হয়, তবে তা আইন ও আদালতের নির্দেশ মেনেই করতে হবে। যে পদ্ধতিতে পুলিশের অভিযান চলে, এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।’
মুরসিকে জুলাইয়ের ৩ তারিখে ক্ষমতাচ্যুত করার পর দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুরসি-সমর্থকদের সংঘাতে কমপক্ষে আড়াই শ মানুষ প্রাণ হারিয়েছে।