মিসরজুড়ে বিক্ষোভ সেনাসহ নিহত ৬
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পুনর্বহালের দাবিতে তাঁর সমর্থকদের গত শুক্রবারের বিক্ষোভ-সমাবেশের সময় পৃথক সংঘর্ষে এক সেনাসদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।
রাজধানী কায়রোসহ বিভিন্ন শহরে সেনাবাহিনীবিরোধী সমাবেশ হয় শুক্রবার। বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে তাঁদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালাবে—সরকারের এমন হুঁশিয়ারি উপেক্ষা করেই এসব সমাবেশ করা হয়। দুই সপ্তাহ আগে নিরাপত্তা বাহিনী রক্তক্ষয়ী অভিযানে কায়রোর দুটি অবস্থান কর্মসূচি থেকে মুরসির সমর্থকদের হটিয়ে দেওয়ার পর থেকে শুক্রবারই সবচেয়ে বড় সমাবেশের আয়োজন করল মুসলিম ব্রাদারহুড। ওই উচ্ছেদ অভিযানে হাজারের বেশি লোক নিহত হন। শুক্রবারের বেশির ভাগ সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন স্থানে মুরসিপন্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। পোর্ট সাইদ শহরে মুরসিপন্থী ও তাঁদের বিরোধীদের সংঘর্ষে একজন নিহত হন। মুরসির সমর্থকদের দাবি, একই দিন জাগাজিগ শহরে আরও একজন নিহত হন। শুক্রবার রাতে একই শহরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে এক সেনাসদস্য নিহত ও দুজন আহত হন। শুক্রবার জুমার নাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কায়রোর কেন্দ্রস্থলের সাহিব রুমি মসজিদ থেকে অন্তত ৫০০ জনের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে ‘ভয় পেয়ো না, সোচ্চার হও,’ ‘নিশ্চয়ই সেনাবাহিনী নিপাত যাবে,’ ‘সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার একটা ঠগ’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। বিকেলের দিকে কায়রো, এর উপকণ্ঠসহ দেশের বিভিন্ন স্থানে মুরসির হাজারো সমর্থক বিক্ষোভ সমাবেশ করেন। মুরসিপন্থীদের ওপর নিরাপত্তা বাহিনীর অব্যাহত দমন অভিযানের মুখে সংগঠনটির শক্তি কতটা অটুট আছে, তা পরীক্ষা করতেই মুসলিম ব্রাদারহুড শুক্রবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে কায়রোর রাস্তায় টহল দিতে দেখা যায়। তবে বিক্ষোভকারীদের বাধা দেননি তাঁরা। আল-জাজিরা।