মিসরনীতি পর্যালোচনা করলেন বারাক ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র মিসরের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পর্যালোচনা করতে গত মঙ্গলবার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সবচেয়ে জনবহুল আরব দেশটির চলমান অস্থিতিশীলতার প্রেক্ষাপটে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সঙ্গে প্রেসিডেন্টের ওই বৈঠকে শীর্ষ কূটনৈতিক, প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে প্রেসিডেন্ট ওবামার বৈঠকে মিসরের প্রতি সহায়তা স্থগিত করা বা এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। মিসরকে বছরে ১৩০ কোটি ডলার সামরিক সহায়তা দেয় ওয়াশিংটন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা মিসরের প্রতি তাঁদের সহায়তা পর্যালোচনার জন্য গতকাল বুধবার বৈঠকে বসেছেন।মিসরের বর্তমান পরিস্থিতিতে ‘কার্যকর ভূমিকা না রাখায়’ দেশে ও দেশের বাইরে বেশ সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে সামরিক অভ্যুত্থান বিষয়ে দেশটির প্রতি অস্পষ্ট ও দ্ব্যর্থক ভূমিকার অভিযোগ উঠেছে। সম্প্রতি মার্কিন সংবাদ ও মতামতভিত্তিক ওয়েবসাইট দ্য ডেইলি বিস্ট বলেছে, মার্কিন প্রশাসন মিসরের প্রতি সহায়তা ‘গোপনে প্রত্যাহার’ করে নিয়েছে। তবে এনএসসির সঙ্গে ওবামার ওই বৈঠকের পর হোয়াইট হাউসের মুখপাত্র জস আর্নেস্ট বলেন, মিসরের প্রতি মার্কিন সহায়তা বিষয়ে পর্যালোচনা এখনো শেষ হয়নি। সহায়তা কমানো বা স্থগিত করার ব্যাপারে যেসব খবর শোনা যাচ্ছে, তা সঠিক নয়। প্রায় একই কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ। তিনি বলেন, ‘মিসরের প্রতি সহায়তা স্থগিত বা সহায়তা দেওয়ার গতি কমানোর কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। এ-সংক্রান্ত খবরগুলো একেবারেই মিথ্যা।’মার্কিন কংগ্রেসে ওবামার বিরোধিতাকারীরা তাঁর সমালোচনা করে বলছেন, মিসরের বর্তমান কর্তৃপক্ষ মার্কিন মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার পরও কায়রোকে সহায়তা দিচ্ছে ওয়াশিংটন। মিসরের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাউয়ি বলেছেন, মিসর মার্কিন সহায়তা ছাড়াই চলতে পারবে। তিনি দাবি করেন, এই মুহূর্তে তাঁর দেশ ‘সঠিক পথেই’ এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেবলাউয়ি বলেন, মিসরকে সহায়তা বন্ধ করলে তা যুক্তরাষ্ট্রের জন্য হবে এক ধরনের ভুল। ইইউর বৈঠক: এদিকে ইইউ মিসরের প্রতি সহায়তা পর্যালোচনা করতে গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠক করেছে। তবে বিশ্লেষকেরা বলছেন, ২৮ দেশের সংগঠন ইইউর আর্থিক সহায়তার বড় অংশই পেয়ে থাকে মিসরের সুশীল সমাজের বিভিন্ন সংগঠন। তাই ইইউ ওই সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিলেও তা মিসরের সেনা-সমর্থিত সরকারের ওপর সরাসরি কোনো প্রভাব ফেলতে পারবে না। ২০১২-১৩ অর্থবছরে ইইউ মিসরে ৬০০ কোটি ৭০ লাখ ডলার সহায়তা দেয়।গত ১৪ আগস্ট নিরাপত্তা বাহিনী মুরসিপন্থীদের সরিয়ে দিতে রক্তক্ষয়ী অভিযান চালালে তার তীব্র নিন্দা জানায় ইইউ। জোটটি তখন সতর্ক করে দিয়ে বলেছিল, সহিংসতা না থামালে মিসরের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে।ব্রাদারহুডের আরও দুই নেতা গ্রেপ্তার: মিসরের সামরিক বাহিনী সূত্র জানিয়েছে, মিসর-সিরিয়া সীমান্তের কাছ থেকে ব্রাদারহুডের অন্যতম নেতা সাফওয়াত হেগাজিকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর গত মাসেই সাফওয়াতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।নিরাপত্তা বাহিনী জানায়, গ্রেপ্তার হওয়া অন্য নেতার নাম মুরাদ আলী। তিনি ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির মুখপাত্রের দায়িত্বে ছিলেন। কায়রো বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এএফপি ও রয়টার্স।