মিসরাতা দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতা দখল করে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। গত রোববার রাতে গাদ্দাফির বাসভবন চত্বরে ন্যাটোর বিমান হামলার পরদিন বিদ্রোহীরা এই দাবি করে। সোমবার রাতেও লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।এদিকে লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেছেন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি সুস্থ ও নিরাপদে আছেন। তিনিই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, প্রতিদিন কাজ করছেন।এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, লিবিয়ায় হামলা জোরদারের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন প্রস্তাব আনা হলে মস্কো তাতে সমর্থন দেবে না।বিদ্রোহীদের কয়েকটি সূত্র দাবি করেছে, মিসরাতা থেকে গাদ্দাফির অনুগত সেনাদের বের করে দেওয়া হয়েছে। তবে শহরে এখনো রকেট হামলা চালানো হচ্ছে। একজন বিদ্রোহী সেনা জানান, শহরের কোনো কোনো স্থানে সরকারি সেনা লুকিয়ে থাকতে পারে। তবে কোথাও তারা দল বেঁধে অবস্থান করছে না।বিদ্রোহীদের গঠিত ট্রানজিশনাল ন্যাশনাল কাউন্সিলের সামরিক মুখপাত্র কর্নেল আহমেদ ওমর অবশ্য মিসরাতায় বিদ্রোহীদের কোনো ধরনের সফলতার কথা নাকচ করে দেন। তিনি বলেন, মিসরাতায় ভয়াবহ দুর্যোগ চলছে। কর্নেল ওমর আরও বলেন, গাদ্দাফি কোথাও যাবেন না। রাজধানী ত্রিপোলির জন্য মিসরাতা গুরুত্বপূর্ণ। গাদ্দাফি মিসরাতার দিকে অগ্রসর হলে ত্রিপোলি হারাবেন। তাই তিনি কখনোই এটা করবেন না।বিদ্রোহীরা মিসরাতা দখলের দাবি করলেও সোমবার রাতে শহরটিতে ব্যাপক রকেট ও গোলার শব্দ শোনা যায়।এদিকে সোমবার রাতে ত্রিপোলির পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে পাঁচটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা এ কথা জানান। তবে ঠিক কোথায় এসব বিস্ফোরণ ঘটে, তাঁরা তা জানাতে পারেননি। আইন জারা এলাকার একজন বাসিন্দা জানান, তাঁরা প্রথমে অল্প সময়ের ব্যবধানে তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখেন। এর কয়েক মিনিট পর আরও দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম বলেছেন, ‘সোমবার রাতে ন্যাটো বাহিনী গাদ্দাফির বাব আল আজিজিয়ার বাসভবন চত্বরে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এতে আমরা ভয় পাইনি। আমরা যুদ্ধও বন্ধ করিনি।’গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম জানান, লিবিয়ার নেতা গাদ্দাফি ত্রিপোলিতে থেকেই তাঁর কাজ করে যাচ্ছেন। তিনি ভালো আছেন এবং লিবিয়ার শান্তি ও গণতন্ত্রের জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কয়েকজন রাষ্ট্রদূতের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গাদ্দাফি জনগণের খাদ্য, ওষুধ ও জ্বালানিসেবা নিশ্চিত করতে কাজ করছেন। ইব্রাহিম জানান, গত রোববার গাদ্দাফির বাসভবন চত্বরে ন্যাটোর হামলায় তিনজন নিহত ও ৪৫ জন আহত হয়।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, লিবিয়ায় হামলা জোরদারের জন্য নিরাপত্তা পরিষদে নতুন কোনো প্রস্তাব আনা হলে তাঁরা এতে সমর্থন দেবেন না। তবে সব ধরনের হামলা ও সামরিক অভিযান বন্ধ করে সংশ্লিষ্টদের আলোচনার টেবিলে আনার মতো উদ্যোগ নেওয়া হলে তাতে সমর্থন জানানো হবে। এএফপি, টাইমস অব ইন্ডিয়া।