মিসরাতা বিমানবন্দর দখলে নিতে ব্যাপক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় বিমানবন্দর দখলে নিতে গতকাল শুক্রবার গাদ্দাফির অনুগত সেনাদের সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক লড়াই হয়েছে। গত বৃহস্পতিবার গাদ্দাফি বাহিনীর হামলায় ১২ জন নিহত হয়েছে। শহরটির বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দও শোনা যায়। এদিকে বিদ্রোহী সেনারা দাবি করেছে, তারা তিউনিসিয়া সীমান্তের দেহিবা ক্রসিং দখল করে নিয়েছে। গাদ্দাফি বাহিনী ওই সীমান্ত অতিক্রম করে দেশটির সেনাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে বলে খবর পাওয়া গেছে। মিসরাতা বিমানবন্দরের দখল নিতে গতকাল ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে গাদ্দাফি বাহিনী ও বিদ্রোহী সেনারা। তবে এই সংঘর্ষ শহরটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা জানান, শুক্রবার দুপুরের দিকে বিমানবন্দর এলাকায় শক্তিশালী গোলাবর্ষণের শব্দ শোনা যায়। তা ক্রমে বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সামরিক জোট ন্যাটোর একটি বিমান মিসরাতার ওপর দিয়ে চলে যাওয়ার পর বিমানবন্দর এলাকায় নির্বিচারে মর্টার ও রকেট হামলা চলতে থাকে। বৃহস্পতিবারও রাতভর শহরটির বিভিন্ন স্থানে রকেট ও মর্টার হামলা চালায় গাদ্দাফি বাহিনী।মিসরাতার স্থানীয় একজন চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাদ্দাফি বাহিনীর ছোড়া গোলায় বৃহস্পতিবার ১২ জন নিহত হয়। নিহতদের মধ্যে দুজন নারীও আছেন। মর্টারের গোলা বা রকেট হামলায় তারা নিহত হয় বলে জানান ওই চিকিৎসক।গত সপ্তাহে বিদ্রোহীরা দাবি করে, তারা মিসরাতা বন্দরের দখল নিয়েছে, এবার বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়াই মূল লক্ষ্য। তবে এখন পর্যন্ত তা গাদ্দাফি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। মিসরাতা অঞ্চলে বিদ্রোহী সেনাদের প্রধান ইব্রাহীম বেট আলমাল বলেন, ‘আক্রমণই প্রতিরক্ষার সর্বোত্তম উপায়। গাদ্দাফি প্রতিদিন এ অঞ্চলে সেনা, অস্ত্র-রসদ পাঠাচ্ছেন।’তিউনিসিয়া সীমান্তের দেহিবা ক্রসিং দখলে নেওয়ার দাবি করে বিদ্রোহী সেনা আকরাম এল মুরাদি টেলিফোনে রয়টার্সকে জানান, দেহিবা ক্রসিংয়ে তাঁদের পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। ক্রসিংয়ের পুরোপুরি নিয়ন্ত্রণ এখন তাঁদের হাতে।প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, গতকাল তিউনিসিয়ার দেহিবা শহরে ঢুকে দেশটির সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গাদ্দাফির অনুগত সেনারা। এতে গাদ্দাফির কয়েকজন সেনাসদস্য নিহত হন। আহত হয় অনেকেই। আহতদের দেহিবা হাসপাতালে নেওয়া হয়। গাদ্দাফি বাহিনীর হামলায় বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়। এতে এক নারী আহত হন। এএফপি, রয়টার্স।