মিসরে আগামী বছর নির্বাচনের ঘোষণা
মিসরের অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আদলি মানসুর নতুন গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে আগামী বছরের শুরুতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। একটি অস্থায়ী সংবিধান গ্রহণ করে গত সোমবার রাতে জারি করা এক আদেশে (ডিক্রি) তিনি এ ঘোষণা দেন।
এদিকে মুরসির সমর্থকদের হুশিয়ার করে দিয়ে সেনাবাহিনী বলেছে, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যহত করলে পরিণত হবে ভয়াবহ।
সামরিক বাহিনীর সমর্থন নিয়ে এক সপ্তাহ আগে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ এবং সোমবার রাজধানী কায়রোতে সেনাবাহিনীর ঘাঁটির বাইরে সহিংস বিক্ষোভে ৫১ ব্যক্তি নিহত হওয়ার পর ওই আদেশ জারি করা হলো। তবে এই আদেশ প্রত্যাখ্যান করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুড।
সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের পর তাঁর কর্মী-সমর্থকেরা দেশটিতে ধারাবাহিকভাবে ব্যাপক বিক্ষোভ করে যাচ্ছেন। সোমবার কায়রোতে মুরসি-সমর্থকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালান সেনাসদস্যরা। এতে অন্তত ৫১ জন নিহত ও ৪৩৫ জন আহত হয়। হতাহতের এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটিও গঠনের ঘোষণা দেওয়া হয়।
আদেশে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে সংবিধান সংশোধন, এর ওপর গণভোট, পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের সময়সূচি নিয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অন্তত আগামী ছয় মাস এ আদেশ বহাল থাকবে। প্রেসিডেন্টের জারি করা আদেশের বিস্তারিত গতকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ করা হয়।
আদেশের সারসংক্ষেপ
সংবিধান: প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর স্থগিত করা ২০১২-এর সংবিধানের খসড়া সংশোধন করতে ১৫ দিনের মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট বিচার বিভাগীয় বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠন করবেন। ‘সংশোধনী’ চূড়ান্ত করতে প্যানেল ৩০ দিন সময় পাবে।
পরে প্যানেল সংবিধানের এ সংশোধনী ৫০ সদস্যের একটি বৃহৎ কমিটির কাছে পেশ করবে। এই কমিটি রাজনৈতিক দল, শ্রমিক, কৃষক, স্বার্থান্বেষী গোষ্ঠী (সিন্ডিকেট), আল-আজহার কর্তৃপক্ষ, মিসরীয় চার্চ, সেনাবাহিনী, পুলিশ ও অন্য সরকারি সংস্থার প্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষকে প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের নিয়ে গঠিত হবে।
কমিটি ৬০ দিনের মধ্যে ‘খসড়া সংবিধান’ চূড়ান্ত করবে। সংশোধিত সংবিধানের চূড়ান্ত খসড়া হাতে পাওয়ার পর প্রেসিডেন্ট ৩০ দিনের মধ্যে সেটি গণভোটে দেবেন।
নির্বাচন: নতুন সংবিধান অনুমোদিত হওয়ার দিন থেকে ১৫ দিনের মধ্যে প্রেসিডেন্ট পার্লামেন্ট নির্বাচন আহ্বান করবেন। তাঁর আহ্বানের দুই মাসের মধ্যে এই নির্বাচন হবে। পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরুর এক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন দেওয়া ডাক দেওয়া হবে।
প্রেসিডেন্ট: নতুন পার্লামেন্ট প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট আইন প্রণয়ন-সম্পর্কিত ক্ষমতা ভোগ করবেন। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে বাজেটের অনুমোদন এবং জরুরি অবস্থা জারির ক্ষমতা অন্তর্বর্তী প্রেসিডেন্টের থাকবে। জরুরি অবস্থা জারির মেয়াদ হবে তিন মাস। তবে গণভোটের মাধ্যমে এ সময় আরও তিন মাসের জন্য বাড়ানো যেতে পারে।
সংবিধান সংশোধন ও নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সম্পর্কে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুরের জারি করা এই আদেশ প্রত্যাখ্যান করেছে মুসলিম ব্রাদারহুড। সংগঠনটির জ্যেষ্ঠ নেতা এসাম আল-এরিয়ান বলেন, সংবিধান সংশোধন ও আগামী বছর নির্বাচনের পরিকল্পনা দেশকে আরেকটি তাহরির স্কয়ারে পরিণত করবে।
ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির (এফজেপি) ডেপুটি চেয়ারম্যান এসাম বলেন, এটি এমন এক সাংবিধানিক আদেশ, যা অভ্যুত্থানকারী সেনাবাহিনীর নিয়োগ করা একজন ব্যক্তি জারি করেছেন। এফজেপির আইন উপদেষ্টা আহমাদ আবু বারাকাহ বলেন, এই আদেশ ‘অবৈধ ও বেআইনি’। এএফপি ও বিবিসি।