মিসরে আগামী বছর নির্বাচনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আদলি মানসুর নতুন গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে আগামী বছরের শুরুতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। একটি অস্থায়ী সংবিধান গ্রহণ করে গত সোমবার রাতে জারি করা এক আদেশে (ডিক্রি) তিনি এ ঘোষণা দেন। এদিকে রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করে দিয়ে সেনাবাহিনী বলেছে, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত করলে পরিণতি হবে ভয়াবহ। সামরিক বাহিনীর সমর্থন নিয়ে এক সপ্তাহ আগে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ এবং সোমবার রাজধানী কায়রোতে সেনাবাহিনীর ঘাঁটির বাইরে সহিংস বিক্ষোভে ৫১ ব্যক্তি নিহত হওয়ার পর ওই আদেশ জারি করা হলো। তবে এই আদেশ প্রত্যাখ্যান করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুড।সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের পর তাঁর কর্মী-সমর্থকেরা দেশটিতে ধারাবাহিকভাবে ব্যাপক বিক্ষোভ করে যাচ্ছেন। সোমবার কায়রোতে মুরসি-সমর্থকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালান সেনাসদস্যরা। এতে অন্তত ৫১ জন নিহত ও ৪৩৫ জন আহত হয়। আদেশে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে সংবিধান সংশোধন, এর ওপর গণভোট, পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের সময়সূচি নিয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অন্তত আগামী ছয় মাস এ আদেশ বহাল থাকবে। প্রেসিডেন্টের জারি করা আদেশের বিস্তারিত গতকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ করা হয়।হাজেম আল-বেবলাউয়ি প্রধানমন্ত্রী ও এল বারাদি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন: সংবিধান সংশোধন ও নির্বাচনের রূপরেখা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আদলি মানসুরের আদেশ জারির কয়েক ঘণ্টা পর এই সরকারের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট পদে দুজনের নাম ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্টের মুখপাত্র আহমেদ আল-মুসলিমানি এ কথা জানান।প্রধানমন্ত্রী হিসেবে সাবেক অর্থমন্ত্রী হাজেম আল-বেবলাউয়ির নাম ঘোষণা করা হয়েছে। অপর দিকে পররাষ্ট্রবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএর সাবেক প্রধান ও শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ এল বারাদিকে। বেবলাউয়ি উদারপন্থী অর্থনীতিবিদ হিসেবে পরিচিত। ২০১১ সালে গণ-অভ্যুত্থানে সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর সেনাশাসিত অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী ছিলেন আল-বেবলাউয়ি।বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে হুঁশিয়ারি: মিসরের সেনাবাহিনী গতকাল এক বিবৃতিতে দেশটির বর্তমান ‘কঠিন ও জটিল’ পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি বা অন্তর্বর্তী সরকারের কাজ ব্যাহত করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে হুঁশিয়ার করে দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল ওই বিবৃতি পড়ে শোনানো হয়। আদেশের সারসংক্ষেপসংবিধান: প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর স্থগিত করা ২০১২-এর সংবিধানের খসড়া সংশোধন করতে ১৫ দিনের মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট বিচার বিভাগীয় বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠন করবেন। ‘সংশোধনী’ চূড়ান্ত করতে প্যানেল ৩০ দিন সময় পাবে। পরে প্যানেল সংবিধানের এ সংশোধনী ৫০ সদস্যের একটি বৃহৎ কমিটির কাছে পেশ করবে। কমিটি ৬০ দিনের মধ্যে ‘খসড়া সংবিধান’ চূড়ান্ত করবে। সংশোধিত সংবিধানের চূড়ান্ত খসড়া হাতে পাওয়ার পর প্রেসিডেন্ট ৩০ দিনের মধ্যে সেটি গণভোটে দেবেন।নির্বাচন: নতুন সংবিধান অনুমোদিত হওয়ার দিন থেকে ১৫ দিনের মধ্যে প্রেসিডেন্ট পার্লামেন্ট নির্বাচন আহ্বান করবেন। তাঁর আহ্বানের দুই মাসের মধ্যে এ নির্বাচন হবে। পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরুর এক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দেওয়া হবে।সংবিধান সংশোধন ও নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সম্পর্কে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুরের জারি করা এই আদেশ প্রত্যাখ্যান করেছে মুসলিম ব্রাদারহুড। সংগঠনটির জ্যেষ্ঠ নেতা এসাম আল-এরিয়ান বলেন, সংবিধান সংশোধন ও আগামী বছর নির্বাচনের পরিকল্পনা দেশকে আরেকটি তাহরির স্কয়ারে পরিণত করবে। এএফপি ও বিবিসি।