মিসরে আজ নির্বাচন, সিসির জেতার সম্ভাবনা

মিসরে দুই দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনে আজ সোমবার ভোট নেওয়া শুরু হচ্ছে। দেশটির সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি এই নির্বাচনে সহজ জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ভোট উপলক্ষে দেশজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পাঁচ কোটির বেশি নিবন্ধিত ভোটার আজ ও কাল মঙ্গলবার ভোট দেবেন।
দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত বছর রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উত্খাত করে সেনাবাহিনী। ওই অভ্যুত্থানে নেতৃত্ব দেন তত্কালীন সেনাপ্রধান সিসি। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পরে পদ ছাড়েন তিনি। নির্বাচনে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক এই সেনাপ্রধান।
সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা হামদিন সাবাহি। তাঁর বিরুদ্ধে সিসি সহজ জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে।
এই নির্বাচনের মাধ্যমে মিসরে সত্যিকারের গণতন্ত্র আসবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা।