মিসরে আটক দুই খ্রিষ্টান শিশুর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে কোরআন অবমাননার দায়ে গ্রেপ্তারকৃত দুই বালককে ছেড়ে দেওয়া হয়েছে। এদের একজনের বয়স নয় বছর, অপরজনের বয়স ১০ বছর। এরা দুজনই কপটিক খ্রিষ্টান সম্প্রদায়ভুক্ত। গত মঙ্গলবার তাদের আটক করা হয়। গতকাল আদালত তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। বেন সুফি প্রদেশের ইজবাত মারকো গ্রামের একজন মুসলমান আলেম শিশু দুটির বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ আনেন। বালকদের এক প্রতিবেশী বলেছেন, শিশু দুটির মধ্যে একজন লিখতে বা পড়তে পারে না। পুলিশের ভাষ্য মতে, গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তারা প্রতিশোধ নিতে চাইছিল। পুলিশ শিশু দুটির নিরাপত্তার কথা ভেবেই আটক করেছিল।ঊর্ধ্বতন একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, মুক্তি দেওয়া হলেও শিশু দুটিকে তাঁরা নজরদারিতে রাখবেন। ২০১১ সালের মিসরীয় জাগরণের পর এ পর্যন্ত ১৭টি ধর্ম অবমানার অভিযোগ করা হয়েছে। অধিকাংশ অভিযোগ মিসরীয় কপটিক খ্রিষ্টান সম্প্রদায়ের বিরুদ্ধে। আট কোটি ২০ লাখ মানুষের দেশ মিসরের ১০ শতাংশ লোক কপটিক খ্রিষ্টান। সম্প্রতি ইনোসেন্স অব মুসলিমস নামের ইসলামবিরোধী ছবি বানিয়ে যে ব্যক্তি বিশ্বজুড়ে সহিংসতা ছড়িয়ে দিয়েছেন, সেই নাকুলা বাসেলি নাকুলাও মিসরের কপটিক খ্রিষ্টান বংশোদ্ভূত নাগরিক। বিবিসি।