মিসরে আল-জাজিরার সম্প্রচার বাধা সৃষ্টির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা অভিযোগ করেছে, মিসরে তাদের সম্প্রচারে বাধা সৃষ্টি করছে সরকার। স্যাটেলাইট সংকেত বাধাগ্রস্ত করে এটা করা হচ্ছে।
গত মঙ্গলবার আল-জাজিরার ওয়েবসাইটে বলা হয়, কোথা থেকে সংকেতে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং কারা সেটা করছে, তা শনাক্ত করেছেন আল-জাজিরার ‘নিরপেক্ষ বিশেষজ্ঞরা’। দেখা গেছে, কায়রোর পূর্ব ও পশ্চিমের দুটি স্থান থেকে এটি করা হচ্ছে এবং সামরিক স্থাপনা থেকেই তা করা হচ্ছে।
আল-জাজিরা আরও জানায়, দর্শকেরা যাতে তাদের চ্যানেল দেখতে পায়, সে জন্য তারা কয়েক দফায় স্যাটেলাইট সংকেতের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
গত মাসে কায়রোর দুটি স্থান থেকে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের কর্মী-সমর্থকদের হটিয়ে দিতে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এতে সহস্রাধিক মানুষ নিহত হয়। ওই অভিযানের সমালোচনা করে সংবাদ পরিবেশন করে আসছে আল-জাজিরা।
কায়রোয় ফিরছেন তুরস্কের রাষ্ট্রদূত: মিসরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আবার কায়রোয় ফিরছেন। গত মাসে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের ওপর অভিযানের পর রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছিল তুরস্ক। গতকাল বুধবার আবার তাঁর কায়রোতে ফেরার কথা ছিল বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনীতিক।
তবে তুরস্কের এক কর্মকর্তা বলেন, ‘মিসরের সঙ্গে আমাদের কূটনীতিক সম্পর্ক কখনোই বিচ্ছিন্ন হয়নি। মিসরের পরিস্থিতি সম্পর্কে জানতে এবং আলোচনা করতেই আমরা আমাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিলাম।’ এএফপি।