মিসরে ইসলামপন্থী নেতাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
মিসরের চলমান সংকট সমাধানের পথ খুঁজতে ইসলামপন্থী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি। ইসলামপন্থী ওই নেতাদের মধ্যে মুসলিম ব্রাদারহুডের কেউ ছিলেন কি না তা স্পষ্টভাবে জানানো হয়নি।
এদিকে সংকট সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মিসর সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস মুসলিম ব্রাদারহুডের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ব্রাদারহুডের নেতারা তাঁকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পুনর্বহালের দাবিতে অনড় অবস্থানে থাকার কথা জানিয়ে দিয়েছেন।
মিসরের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আহমেদ আলি এক বিবৃতিতে বলেন, সেনাপ্রধান সিসি ইসলামী আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। এর আগে ব্রাদারহুডের সঙ্গে বৈঠক করেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বার্নস। ব্রাদারহুডের নেতারা প্রেসিডেন্ট পদে মুরসিকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তাই ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেলের পর বার্নসের কূটনৈতিক প্রচেষ্টাও ব্যর্থ হচ্ছে বলে মনে করা হচ্ছে।
ব্রাদারহুডের রাজনৈতিক শাখা মুরসির দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি) এক বিবৃতিতে বলেছে, ‘সংবিধান পুনর্বহাল ও সেনা অভ্যুত্থান নাকচ করে সংকট সমাধানের প্রক্রিয়াকে আমরা সমর্থন করব।’
নোবেল বিজয়ীকে বাধা: ইয়েমেনের নোবেল বিজয়ী শান্তিকর্মী তাওয়াকুল কামরানকে মিসরে প্রবেশ করতে দেননি দেশটির অভিবাসন কর্মকর্তারা। কর্তৃপক্ষ এর কোনো কারণ জানায়নি। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা বলেছে, ‘এটা উল্লেখ করার মতো’ যে কামরান মুরসির সমর্থকদের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন।
ব্রাদারহুড নেতাদের বিচার শুরু হচ্ছে: মুসলিম ব্রাদারহুডের নেতাদের বিচার ২৫ আগস্ট শুরু হবে বলে গতকাল জানিয়েছেন দেশটির আদালত। গত ৩০ জুন কায়রোতে ব্রাদারহুডের সদর দপ্তরের বাইরে বিক্ষোভে সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগে সংগঠনটির প্রধান মোহাম্মদ বাদেয়ি এবং দুই উপপ্রধান খয়রাত আল শাতের এবং রাশেদ বায়োমিকে বিচারের মুখোমুখি করা হবে। তিনজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছে।এএফপি।