মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শনিবার এক দিনের বেসামরিক আইন অমান্য কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচি দেশটিতে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের প্রতি চাপ সৃষ্টির কৌশল বলে মনে করা হচ্ছে। আরব বসন্তের ঢেউয়ে টানা ১৮ দিনের গণ-আন্দোলনের মুখে গত বছর ১১ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত হন মিসরের প্রায় ৩০ বছরের শাসক মোবারক। এরপর থেকে ক্ষমতায় আছে দেশটির শক্তিশালী সামরিক কাউন্সিল। দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ার কারণে দেশটিতে নির্বাচিত বেসামরিক প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে দেরি হচ্ছে। দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। মানবাধিকার সংগঠন ও গণতন্ত্রপন্থীরা গত শুক্রবার এক বিবৃতিতে ১১ ফেব্রুয়ারি আইন অমান্য কর্মসূচি পালনের ডাক দেয়। বিবৃতিতে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলকে ‘ষড়যন্ত্রকারী’ বলে আখ্যা দেওয়া হয়। এতে বলা হয়, এই ষড়যন্ত্রকারীরা মিসরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে মিসরে ‘বিশৃঙ্খলা ও হানাহানি’ শুরু হতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়।মিসরের পার্লামেন্ট নির্বাচনে জয়ী দ্য মুসলিম ব্রাদারহুড-সমর্থিত ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি গতকালের কর্মসূচিতে সমর্থন দেয়নি।গতকাল সকাল থেকে মিসরের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা এক দিনের আইন অমান্য কর্মসূচিতে যোগ দেয়। কর্মসূচির সমর্থনে রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে অনেকেই সমবেত হয়। কায়রোর গিজা এলাকার বাসিন্দা সান্দ্রা হানি বলেন, ‘গত বছর মোবারকের পতনের আন্দোলনের সময় বিপ্লব অনুভব করেছি। তাঁর পতনের পর নিজেকে বিজয়ী মনে হচ্ছিল। কিন্তু পরিস্থিতি একই রয়েছে। মিসরে কোনো পরিবর্তন আসেনি।’এর আগে মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, আইন অমান্য কর্মসূচিতে পরিবহন শ্রমিকেরা যোগ দেবেন না। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্রে শিরোনাম করা হয়েছে, ‘জনগণ এক দিনের আইন অমান্য কর্মসূচি প্রত্যাখ্যান করেছে।’এর আগে গত শুক্রবার দিবাগত রাতে সামরিক কাউন্সিলের একটি বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। এতে রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও হুমকি সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা কোনো চাপ অনুভব করছি না, কোনো হুমকির কাছে নতি স্বীকার করা হবে না।’ বিবৃতিতে নিশ্চিত করা হয়, আগামী জুনেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মোবারকের আমলের প্রতিরক্ষামন্ত্রী ও বর্তমান সামরিক কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়ি গত শুক্রবার জানান, আইন অমান্য কর্মসূচির সময় দেশজুড়ে সেনা মোতায়েন করা হবে। বিবিসি ও এএফপি।