মিসরে এবার ৬৮৩ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে গতকাল মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদিসহ ৬৮৩ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন মিনায়া প্রদেশের একটি আদালত। এরপর আদালতের বাইরে কান্নায় ভেঙে পড়েন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্বজনেরা । ছবি: এএফপি
মিসরে গতকাল মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদিসহ ৬৮৩ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন মিনায়া প্রদেশের একটি আদালত। এরপর আদালতের বাইরে কান্নায় ভেঙে পড়েন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্বজনেরা । ছবি: এএফপি

মিসরে আরেক দফা গণমৃত্যুদণ্ড দেওয়া হলো। এবার মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদিসহ ৬৮৩ জন সর্বোচ্চ এই সাজা পেলেন। দুই সেশন সংক্ষিপ্ত শুনানি শেষে গতকাল সোমবার দেশটির একটি আদালত এই সাজা ঘোষণা করেন।
একই আদালত গত মাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫২৯ জনের মধ্যে ৪৯২ জনের সাজা কমিয়েছেন। তাঁদের বেশির ভাগকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৩ সালে মিসরের দক্ষিণাঞ্চলীয় মিনায়া প্রদেশের একটি থানায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় গতকাল ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিচারক সাইদ ইউসেফ সাবরির নেতৃত্বাধীন আদালত মাত্র ১০ মিনিট মামলার শুনানি করেন।
গত মাসে গণবিচার করে ৫২৯ জনের মৃত্যুদণ্ড দেওয়ার পর দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়। গতকাল বিচারের পর উত্তেজনা আরও বাড়তে পারে। আধুনিক মিসরের ইতিহাসে সবচেয়ে বড় এই বিচার মানবাধিকার কর্মীদের শঙ্কিত করে তুলেছে। তাঁরা মনে করছেন, দেশটির সেনা-সমর্থিত সরকারের কর্মকর্তা ও ইসলামবিরোধী বিচারকেরা ভিন্নমতাবলম্বীদের গুঁড়িয়ে দিতে একজোট হয়েছেন।
মিসরের প্রচলিত আইন অনুসারে, মৃত্যুদণ্ডের এসব রায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ গ্রান্ড মুফতির কাছে পাঠানো হয়ে থাকে। মুফতির পরামর্শ নেওয়ার পর রায় অনুমোদন করা হয়। অবশ্য, আইনগত দিক দিয়ে তাঁর মতামত গ্রহণ বাধ্যতামূলক কিছু নয়। রায় অনুমোদিত হওয়ার পর আপিল করার সুযোগ রয়েছে।
গতকাল মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ৬৮৩ জনের মধ্যে ৫০ জন কারাগারে আছেন। অন্যরা আত্মসমর্পণ করলেই কেবল পুনর্বিচারের জন্য আবেদন করতে পারবেন।
আদালতে উপস্থিত আসামিপক্ষের আইনজীবী খালেদ এলকোমি বলেন, গতকালের শুনানি মাত্র ১০ মিনিট স্থায়ী হয়।
মুরসির সংগঠন ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা বাদির বিরুদ্ধে এই প্রথম রায় দেওয়া হলো। তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। সেসব মামলায় মুরসি নিজেসহ ব্রাদারহুডের অন্য শীর্ষ নেতারাও আসামি।
গতকাল বিচার চলাকালে আদালতের বাইরে অপেক্ষায় ছিলেন আসামিদের স্বজনেরা। রায় ঘোষণার পর আসামিদের কয়েকজন স্বজন মূর্ছা যান। অন্যরা ‘ন্যায়বিচার কোথায়’ বলে স্লোগান দেওয়া শুরু করেন। কয়েকজন দাবি করেন, তাঁদের পরিবারের সদস্যদের অন্যায়ভাবে মামলায় জড়িয়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
মৃত্যুদণ্ডের রায় কমিয়ে যাবজ্জীবন পাওয়া করিমা ফাদলের মা বলেন, ‘এটা মৃত্যুদণ্ডের চেয়ে ভালো। তার পরও এটা অবিচার। কারণ, সে খারাপ কিছুই করেনি।’
গতকাল যাঁদের বিরুদ্ধে রায় হয়েছে, তাঁরা মিনায়া প্রদেশের একটি থানায় হামলা চালিয়ে একজন পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় সম্পৃক্ত বলে অভিযোগ আনা হয়। ঘটনাটা ঘটেছিল গত বছরের ১৪ আগস্ট। একই দিন রাজধানী কায়রোতে পুলিশ শত শত মুরসি-সমর্থককে হত্যা করেছিল। মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে তাঁরা রাস্তায় নেমেছিলেন।
আসামিপক্ষের আইনজীবীরা গণহারে মৃত্যুদণ্ড দেওয়াকে ‘প্রহসন’ আখ্যায়িত করে বিচারের শেষ অধিবেশন বর্জন করেন। জাতিসংঘ এভাবে গণহারে মৃত্যুদণ্ড দেওয়াকে মানবাধিকার আইনের লঙ্ঘন বলে আগেই প্রত্যাখ্যান করেছে।
মানবাধিকার গ্রুপ আভাজ-এর এক বিবৃতিতে বলা হয়, আইনজীবী এলকমি দাবি করেছেন, ওই ৫২৯ জনের মধ্যে ৬০ শতাংশেরই সাক্ষ্যপ্রমাণ রয়েছে, যাতে প্রমাণিত হয়, থানায় হামলার সময় তাঁরা সেখানে ছিলেন না। তাঁদের মধ্যে চিকিৎসক ও শিক্ষক রয়েছেন।
তবে সরকারপক্ষের আইনজীবী আবদেল রহিম আবদেল দাবি করেন, তাঁদের কাছে ভিডিও, প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন ধরনের শক্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে, যাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা প্রমাণিত হয়।
মুরসিকে গত বছরের ৩ জুলাই সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর সেনা-সমর্থিত সরকার হাজার হাজার ইসলামপন্থীর বিরুদ্ধে গণবিচার করেছে। গত মাসের ঘটনার পর সরকার ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ে।
বিচারের পাশাপাশি মুরসিপন্থীদের গ্রেপ্তার ও হত্যাসহ সরকার নানাভাবে দমনপীড়ন করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে, মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এ পর্যন্ত পুলিশের গুলিতে এক হাজার ৪০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এএফপি ও রয়টার্স।