মিসরে ঐক্য ও সংস্কারে তাগিদ দিলেন কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ঐক্য প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী পক্ষকে আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ ছাড়া তিনি বিভিন্ন সংস্কার কর্মসূচি গ্রহণ করতে দেশটির প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত শনিবার ও গতকাল রোববার কায়রো সফরকালে এসব আহ্বান জানান কেরি। জন কেরি শনিবার কায়রোতে মিসরের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি মিসরের অর্থনীতির দৈন্য কাটাতে সরকার ও বিরোধীদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার আহ্বান জানান।কেরি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ৪ দশমিক ৮ বিলিয়ন ঋণচুক্তি করতে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সংকট কাটিয়ে মিসরকে নিজের পায়ে দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।কায়রো সফরের শেষ দিনে গতকাল কেরি দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এবং প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দাপ্রধানকে একই ধরনের বার্তা দেন। কর্মকর্তারা জানান, কেরি গতকাল স্থানীয় সময় দুপুরে মুরসির সঙ্গে বৈঠক করেন। মুরসি ও তাঁর নিরাপত্তাবিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি প্রতিবেশী ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি সমুন্নত রাখা, ফিলিস্তিনের চরমপন্থী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র পাচারকারীদের দমন করা, সিনাই উপত্যকায় আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং সিরিয়ায় গৃহযুদ্ধের বিরুদ্ধে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন।এদিকে মিসরে পার্লামেন্ট নির্বাচন আসন্ন। দেশটির বিরোধী পক্ষ ওই নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে। এ অবস্থায় সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সমঝোতার ওপর গুরুত্ব দেন কেরি। অবশ্য, কেরির এই আহ্বানে বিরোধী পক্ষ কতটা সাড়া দেবে, তা নিয়ে সংশয় রয়েছে। কেননা, কেরির সফরকালে কায়রোতে মার্কিন দূতাবাসের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যে ১১ জন বিরোধী নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তার মধ্যে মাত্র ছয়জন তা গ্রহণ করেন। আবার এই ছয়জনের মধ্যে তিনজন বলেছেন, তাঁরা আগামী এপ্রিল মাসের ওই নির্বাচন বর্জনের সিদ্ধান্তে এখনো অনড় রয়েছেন বলে জানিয়েছেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী সূত্রগুলো। মিসরের উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ বিরোধীদলগুলোর জোট দ্য ন্যাশনাল সালভেশন ফ্রন্ট বলেছে, দেশের বিদ্যমান নির্বাচন আইন মুরসির ইসলামপন্থী মিত্রদের পক্ষে। এ আইনে পরিবর্তন আনার দাবি করে আসছে তারা। অবশ্য, মুরসি ওই আইনে পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করে দিয়েছেন। বিবিসি ও এপি।