মিসরে ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণশেষ
মিসরের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ভোট গ্রহণ করা হয়েছে। প্রথম দিনের চেয়ে গতকাল ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী এ নির্বাচন।গণ-আন্দোলনের মুখে হোসনি মোবারকের পতনের পর মিসরে এটিই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। আরব বসন্তের জোয়ারে গত বছরের ফেব্রুয়ারি মাসে সাবেক প্রেসিডেন্ট মোবারকের পতন ঘটে। মোবারকের পতনের পর থেকে দেশটির ক্ষমতায় রয়েছে সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ (এসসিএএফ)। মোবারকের তিন দশক এবং পূর্ববর্তী শাসকদের শাসনামলের বিচার করলে মিসরে গত পাঁচ হাজার বছরের মধ্যে এই প্রথম দেশটির নাগরিকেরা তাঁদের নেতা নির্বাচনের অপূর্ব সুযোগ পেয়েছেন।নির্বাচন ঘিরে মিসরীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। সকাল আটটায় খোলার আগেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যায়। সরকারি চাকরিজীবীদের ভোটদানের সুবিধার্থে গতকাল দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়।প্রচণ্ড গরম উপেক্ষা করেও মিসরীয়রা ভোটকেন্দ্রে আসেন। তাঁরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেই খুশি। গতকাল কায়রোর পার্শ্ববর্তী নগর হেলিওপোলিসের একটি কেন্দ্রে ভোট দেন আল-বাদরি। ২৬ বছরের এই নারী বলেন, ‘আমি খুবই খুশি। আমরা আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করছি। গত রাতেই আমি ভোট দিতে এসেছিলাম। কিন্তু এত ভিড় ছিল যে আমি ফিরে যাই।’ তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে আমি সিদ্ধান্ত নিয়েছি যে কাকে ভোট দেব। মূলত ওই প্রার্থীর কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই আমরা এ সিদ্ধান্ত নিই। তবে আমাদের পরিবারের সদস্যরা অন্য প্রার্থীকে ভোট দিয়েছেন।’ গরমের কারণে অনেকে রাতে ভোট দিয়েছেন।নির্বাচনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হয়েছে মুসলিম ব্রাদারহুড-সমর্থিত ইসলামপন্থী ও ধর্মনিরপেক্ষ এবং বিপ্লবী ও মোবারকপন্থীদের মধ্যে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন—সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আরব লিগের সাবেক প্রধান আমর মুসা, মোবারকের অধীনে দায়িত্ব পালনকারী সর্বশেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিক, মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি, ইসলামপন্থী স্বতন্ত্র প্রার্থী আবদেল মোনেইম আবুলচ্ছুতুও হামদিন সাব্বাহি।নির্বাচন নির্বিঘ্ন করতে ১৩ হাজার ভোটকেন্দ্রেই কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচনের প্রাথমিক ফল আগামী রোববার প্রকাশ করার কথা।কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ৯ জুলাই নতুন প্রেসিডেন্টের কাছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের কথা।নির্বাচনপূর্ব জনমত জরিপে দেখা গেছে, অনেকেই কাকে ভোট দেবেন তা ঠিক করেননি। শেষ মুহূর্তে তাঁরা এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলে জানান। তাই সম্ভাবনার পাল্লা কার দিকে ভারী তা নিয়ে কেউই জোর দিয়ে বলতে পারছে না। তবে নির্বাচনে যে-ই জিতুন না কেন, তাঁকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দুর্বল অর্থনীতি ও ভঙ্গুর নিরাপত্তাব্যবস্থা কাটিয়ে ওঠা এবং বিভক্ত দেশকে ঐক্যবদ্ধ করাই হবে পরবর্তী প্রেসিডেন্টের প্রধান কাজ। কিন্তু নতুন সংবিধানে প্রেসিডেন্টের দায়িত্ব কী হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। এএফপি।