মিসরে ক্ষমতা আবার সেনাবাহিনীর হাতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গত রোববার রাতে ক্ষমতাসীন সুপ্রিম কাউন্সিল অব আর্মড ফোর্সেস (স্কাফ) নতুন প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে তারা মিসরের প্রায় নিরঙ্কুশ ক্ষমতা নিজেদের হাতে নিয়েছে।এই প্রজ্ঞাপনের আওতায় মিসরের খসড়া সংবিধানের যেকোনো অনুচ্ছেদের ব্যাপারে সেনা কাউন্সিলের ভেটো প্রদানের ক্ষমতা থাকবে। এ ছাড়া সশস্ত্র বাহিনীসংক্রান্ত যেকোনো বিষয়ে একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে পরিষদের।ওই প্রজ্ঞাপন অনুযায়ী, বাজেট প্রণয়নের ক্ষমতাও পরিষদ ভোগ করবে। মিসরের নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত দেশে আর কোনো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে না।নতুন প্রজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের সময়কার প্রতিরক্ষামন্ত্রী ও ফিল্ড মার্শাল হুসেইন তানতাওয়িকে স্কাফের প্রধান ঘোষণা করা হয়েছে। এর পর থেকে স্কাফ নিজেই নিজের সদস্যদের নিয়োগ ও অনুমোদন দেবে। এর ওপর সরকারের কোনো কর্তৃত্ব থাকবে না। সরকার স্কাফের অনুমতি ছাড়া কোনো যুদ্ধ ঘোষণা করতে পারবে না।এদিকে গতকাল কায়রোতে ক্ষমতাসীন সামরিক পরিষদের এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচিত প্রেসিডেন্টের কাছে চলতি মাসের ৩০ জুনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হবে।সংবাদ সম্মেলনে সামরিক পরিষদের প্রভাবশালী দুই সদস্য জেনারেল মামদু শাহীন ও জেনারেল মোহাম্মদ আল-আসা বলেন, গত সপ্তাহে আদালত পার্লামেন্ট বাতিল করে রায় দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্টের ক্ষমতার সঙ্গে ভারসাম্য আনার জন্য ওই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী এককভাবে প্রেসিডেন্ট বা স্কাফ কেউ আইন পাস করতে পারবেন না।মামদু শাহীন বলেন, ‘সামরিক বাহিনী শুধু সংরক্ষিত কিছু আইনি ক্ষমতা নিয়েছে। আর এটি করা হয়েছে প্রেসিডেন্টের সঙ্গে ক্ষমতার ভারসাম্য আনার জন্য।’তবে, মুসলিম ব্রাদারহুড প্রজ্ঞাপনটি বেআইনি উল্লেখ করে বলেছে, ‘এ ঘটনা গণতন্ত্রের বিরুদ্ধে অভ্যুত্থান।’ সামরিক পরিষদ শুধু ‘আইনগত ক্ষমতা সীমিত’ করা হয়েছে।মোহাম্মদ মুরসির প্রচারণা কর্মকর্তা খালেদ আল-কাজাজ বলেন, ‘সামনে খুব কঠিন পরিস্থিতি আসছে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পাঁয়তারা শুরু করেছে।’মিসরের আল-মাসরি আল-ইয়োম পত্রিকা শিরোনাম করেছে, ‘সেনাবাহিনী সেনাবাহিনীর কাছেই ক্ষমতা হস্তান্তর করেছে’। অন্য পত্রিকা আল-শোরোক-এর শিরোনাম ছিল ‘ক্ষমতাহীন একজন প্রেসিডেন্ট’।আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের গবেষক হেবা মোরায়েফ টুইটারে বলেন, ৩০ জুনের মধ্যে নির্বাচিত সরকারের কাছে সেনাবাহিনীর ক্ষমতা হস্তান্তরের যে ঘোষণা দেওয়া হয়েছিল, সংবিধানের এই নতুন সংশোধন তা ‘অর্থহীন’ করে তুলল। ইজিপশিয়ান ইনিশিয়েটিভ ফর পারসোনাল রাইটসের হোসাম বাহগাত আল-জাজিরাকে বলেন, এর মধ্য দিয়ে মিসরের রাষ্ট্রীয় ক্ষমতা ‘সামরিক স্বৈরাচারের অধীনে’ যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলো। বিবিসি, এএফপি।