মিসরে গণতন্ত্রে উত্তরণে ‘দৃঢ়’ সমর্থন পুনর্ব্যক্ত করলেন হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে গণতন্ত্রে উত্তরণে ওয়াশিংটনের পক্ষ থেকে ‘দৃঢ়’ সমর্থন করার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গতকাল শনিবার তিনি মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে সাক্ষাত্কালে এ সমর্থনের কথা জানান।মুরসির সঙ্গে বৈঠকের পর মিসরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আমরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হিলারি বলেন, ‘মিসরের জনগণ এবং তাঁদের গণতন্ত্রে উত্তরণের জন্য যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের কথা দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করতেই আমি কায়রোতে এসেছি। আমরা একটি ভালো অংশীদার হতে চাই। মিসরের জনগণের সাহস ও আত্মত্যাগের মাধ্যমে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, তাকে আমরা সমর্থন জানাতে চাই।’হিলারি আরও বলেন, ‘গণতন্ত্র কঠিন, এটার জন্য সংলাপ ও আপস এবং প্রকৃত রাজনীতি দরকার হয়।’মার্কিন কর্মকর্তারা জানান, দুই দিনের এ মিসর সফরকালে হিলারি দেশটির ফিল্ড মার্শাল হুসেইন তানতাওয়ির সঙ্গেও বৈঠক করবেন। গণ-আন্দোলনে গত বছরের শুরুর দিকে মিসরের দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারকের পতন হওয়ার পর তানতাওয়িই দেশটির অন্তর্বর্তী সামরিক শাসক ছিলেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট মুরসির সঙ্গে সেনাবাহিনীর প্রভাবশালী সুপ্রিম কাউন্সিল অব দি আর্মড ফোর্সের (স্কাফ) মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের ফলে মিসরের রাজনৈতিক পরিস্থিতি এখনো অনেকটা উত্তপ্ত। এর মধ্যেই হিলারি দেশটিতে সফরে গিয়েছেন। এএফপি।