মিসরে গণতন্ত্রের ডাক যুক্তরাষ্ট্রের

মিসরীয়দের সহিংসতা ভুলে গণতন্ত্রের দিকে পূর্ণ উদ্যমে যাত্রা করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিবিসি বলছে, তিনি আজ রোববার মিসর সফরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মিসরের সেনাবাহিনী দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে বলপ্রয়োগে অপসারণ করে ক্ষমতা দখলের পর কেরি প্রথমবারের মতো মিসর সফর করছেন।
জন কেরি আজ থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সফর শুরু করেছেন। নভেম্বরের ৩ থেকে ১২ তারিখ পর্যন্ত মোট নয় দিনে তিনি সৌদি আরব, মিসর, ইসরায়েল, জর্ডান, মরক্কো, আলজেরিয়া ও আবুধাবি সফর করবেন বলে জানা গেছে।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমির সঙ্গে বৈঠকের পর কেরি সংবাদ সম্মেলনে বলেন, ইতিহাসে গণতন্ত্রের চেয়ে দৃঢ়, সুস্থ এবং সমৃদ্ধ কোনো বিকল্প নেই। তিনি মিসরের সব সংঘাতের দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
কেরির সফরের প্রাক্কালে সৌদি সরকার যুক্তরাষ্ট্রের দ্বিধান্বিত সিরিয়া-নীতি নিয়ে হতাশা প্রকাশ করেছে।
কেরির সফরে নিরাপত্তা, বাণিজ্য ও সিরীয় ইস্যু প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের নেতাদের সঙ্গে শান্তিপ্রক্রিয়া বজায় রাখতে করণীয় নিয়ে আলোচনা করবেন। সফরের শেষ দিকে তিনি আলজেরিয়া ও মরক্কো যাবেন।
এ সফরে জন কেরি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার গুপ্তচরবৃত্তির ব্যাপারে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে পারেন।