মিসরে গণবিক্ষোভের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে ‘লঘু সাজা’ এবং বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করা সত্ত্বেও নিরাপত্তা কর্মকর্তাদের খালাস দেওয়া হয়েছে—এ অভিযোগে আবারও ফুঁসে উঠেছে মিসরের মানুষ। রায় ঘোষণার পর থেকেই তাহরির স্কয়ারে সমবেত হয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন।আদালত মোবারকের পাশাপাশি তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-অদলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কিন্তু বেকসুর খালাস দেন ছয়জন শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তাকে। আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে গতকাল সোমবার গণবিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়। আজ মঙ্গলবার দেশজুড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিপ্লবী তরুণ মোর্চা (দ্য কোয়ালিশন অব রেভল্যুশন ইয়ুথ), মাসপেরো ইয়ুথ ইউনিয়নসহ বেশ কয়েকটি সংগঠন তাহরির স্কয়ারে আজ গণপ্রতিবাদ সমাবেশের আয়োজন করবে। এ ছাড়া বামপন্থী রাজনীতিক হামদিন সাব্বাহি ও অপেক্ষাকৃত উদার ইসলামপন্থী নেতা আবদেল মোনিম পৃথকভাবে কায়রোতে গণমিছিলের নেতৃত্ব দেবেন। গত মে মাসে অনুষ্ঠিত মিসরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে ওই দুই নেতা প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভোটের ফলাফলে হামদিনের অবস্থান ছিল তৃতীয় ও আবদেল মোনিমের অবস্থান ছিল চতুর্থ।দ্বিতীয় দফার ভোট গ্রহণের মাত্র দুই সপ্তাহ আগে মোবারকের রায়কে ঘিরে মিসরের নতুন করে করে অস্থিরতা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় দফার ভোটে লড়বেন ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মেদ মুরসি ও মোবারকের অধীনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আহমেদ শফিক। বিশেষজ্ঞদের অভিমত, গণতন্ত্রপন্থী নেতা-কর্মীরা দেশজুড়ে গড়ে ওঠা এই আন্দোলনকে কাজে লাগাতে চাইবেন। বিপ্লবের সুফল জনগণ পায়নি এই বক্তব্যের মাধ্যমে তাঁরা নতুন করে গণ-আন্দোলনের জন্য তাহরির স্কয়ারে ফিরে আসার জন্য মানুষকে আহ্বান জানাতে পারেন। এদিকে যাবজ্জীবন সাজা পাওয়া হোসনি মোবারককে (৮৪) কারাগারে নেওয়ার পর তাঁকে কয়েদিদের নীল পোশাক সরবরাহ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, রাজধানী কায়রোর তোরা কারাগারে পৌঁছানোর পর কারাবিধি অনুযায়ী অন্য সাজা পাওয়া কয়েদিদের মতোই সাবেক এই প্রেসিডেন্টের ছবি তোলা হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট কয়েদি নম্বরও দেওয়া হয়েছে তাঁকে। আদালতের রায়ের পর হোসনি মোবারক কারা কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, গ্রেপ্তারের পর থেকে আটকাধীন অবস্থায় যে সামরিক হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি ছিলেন, সেই চিকিৎসাসেবা যাতে অব্যাহত রাখা হয়। তবে মোবারকের এ অনুরোধ রাখেননি তোরা কারা কর্তৃপক্ষ। এর পরিবর্তে তাঁকে কারা হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এএফপি।