মিসরে গণবিচার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির অন্তত এক হাজার ২০০ সমর্থকের বিচার শুরু হয়েছে। গতকাল শনিবার কায়রোতে তাঁদের বিরুদ্ধে অভিযোগের শুনানি হয়।
মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে গত বছরের ৩ জুলাই সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে। এরপর থেকেই তাঁকে পুনর্বহালের দাবিতে মুরসির সমর্থকেরা বিক্ষোভ করছেন। মুরসির সমর্থকদের কোণঠাসা করতেই সেনাবাহিনী-সমর্থিত সরকার তাঁদের বিচার করছে বলে ধারণা করা হয়।
আদালত সূত্র জানায়, গতকাল অন্তত ৫০০ আসামির বিরুদ্ধে শুনানি হয়। তবে ঠিক কতজনকে সশরীরে আদালতে হাজির করা হয়, তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। ৭০০ জনের বিরুদ্ধে শুনানি হবে আগামী মঙ্গলবার।
গত বছরের আগস্টে কায়রোতে মুরসি-সমর্থকদের দুটি শিবির উচ্ছেদ করে সরকার। পরে মুরসিপন্থীরা সরকারি সম্পত্তি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে। এএফপি।