মিসরে গণভোট আজ, পাল্টাপাল্টি সমাবেশ
রাজনৈতিক টানাপোড়েনে বিভক্ত মিসরে আজ শনিবার নতুন খসড়া সংবিধানের ওপর গণভোট হচ্ছে। এই ভোটকে সামনে রেখে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও তাঁর বিরোধীরা পাল্টাপাল্টি বিশাল সমাবেশ করেছেন। গণ-অভ্যুত্থানে সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর এ গণভোটকে কেন্দ্র করে দেশটি এখন সবচেয়ে খারাপ সময় অতিক্রম করছে।নিজ ক্ষমতা বাড়িয়ে প্রেসিডেন্ট মুরসির ডিক্রি জারি ও খসড়া সংবিধান নিয়ে গণভোট আয়োজনের ঘোষণার পর কয়েক সপ্তাহ ধরে রাজধানী কায়রো ও অন্য নগরগুলোয় ধারাবাহিকভাবে সহিংস বিক্ষোভ হয়ে আসছে। দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে মুরসি ও তাঁর সমর্থকেরা এই সংবিধান পাসের পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।সাম্প্রতিক ওই বিক্ষোভে কমপক্ষে আট ব্যক্তি নিহত ও কয়েক শ আহত হয়েছেন। বিরোধীরা বলছেন, এই খসড়া অনেক বেশি ইসলামি ভাবধারার।সংবিধানের পক্ষে সমর্থন জোরদারের চেষ্টায় গতকাল কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে এক মসজিদের কাছে মুসলিম ব্রাদারহুড গণভোটপূর্ব শেষ সমাবেশ করেছে। একই দিন উদারপন্থী, ধর্মনিরপেক্ষ ও খ্রিষ্টানবিরোধী দলগুলো প্রাসাদটির বাইরে ও ঐতিহাসিক তাহরির স্কয়ারে সংবিধানের বিপক্ষে সমর্থন আদায়ে সমাবেশ করে।বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের একজন নেতা আহমেদ সাইদ বলেন, ‘আমি মনে করি, গণভোটের সময় রক্তপাত ও সহিংসতার ঘটনা ঘটবে। তাই গণভোটের আয়োজন উচিত হবে না।’ তবে বিশ্লেষকেরা মনে করেন, এই বিরোধিতা সত্ত্বেও গণভোটে সংবিধানের পক্ষেই সমর্থন পড়বে এবং মোবারক সরকারপরবর্তী নির্বাচনে সুসংগঠিত দল মুসলিম ব্রাদারহুডের জয়েরও রেকর্ড হবে।গণভোটের প্রথম দফায় আজ কায়রো, আলেকজান্দ্রিয়া ও অন্য বড় নগরে ভোট নেওয়া হবে। পরবর্তী দফা ভোট হবে ২২ ডিসেম্বর। রিয়টার্স ও এএফপি।