মিসরে গণভোট বর্জনের ঘোষণা বিচারকদের
মিসরের নতুন খসড়া সংবিধানের ওপর ১৫ ডিসেম্বরের গণভোটের তত্ত্বাবধান করবেন না দেশটির বিচারকেরা। বিচার বিভাগের সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ওই গণভোট বর্জনের ঘোষণা দেয় বিচারকদের সংগঠন দ্য জাজেস ক্লাব। এর আগে দেশের সর্বোচ্চ আদালত তাঁর কার্যক্রম স্থগিত রাখার ঘোষাণা দেন।মিসরের পার্লামেন্টের উচ্চকক্ষ শুরা কাউন্সিল ও দেশের খসড়া সংবিধান প্রণয়নের দায়িত্ব পাওয়া সাংবিধানিক পরিষদের বৈধতার বিষয়ে গত রোববার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্টের রুল জারির কথা ছিল। তবে মুরসির সমর্থকেরা বিচারকদের প্রবেশে বাধা দেন এবং ওই দিন আদালত ভবন ঘেরাও করে রাখেন। এতে করে শুনানি স্থগিত করতে বাধ্য হন বিচারকেরা।পরে ওই ঘটনার প্রতিবাদে আদালতের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া মুরসিবিরোধী গ্রুপগুলো সংবিধানের ওপর গণভোটের প্রতিবাদে আজ মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে। তারা অভিযোগ করেছে, জাতীয় পর্যায়ে বৃহত্তর মতৈক্যে প্রতিষ্ঠার আগে গণভোটের আয়োজন করা হবে না বলে মুরসি প্রতিজ্ঞা করলেও তিনি সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন।মুরসিবিরোধী গ্রুপগুলোর জোট দ্য ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, ‘একটি অবৈধ সংবিধানের ওপর গণভোট আহ্বানে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের এই দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের নিন্দা জানায় ফ্রন্ট। আর জণগণের একটি বড় অংশ ওই সংবিধান প্রত্যাখ্যান করেছে।’ মুরসিবিরোধী গ্রুপগুলো মনে করে, ওই খসড়া সংবিধান জনগণের মৌলিক স্বাধীনতাকে অবজ্ঞা করেছে।সর্বশেষ এই ঘটনা প্রেসিডেন্ট মুরসি ও তাঁর সমর্থক মুসলিম ব্রাদারহুডের সঙ্গে দেশটির ধর্মনিরপেক্ষ রাজনীতিক ও বিচার বিভাগের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।মিসরে ঐতিহ্যগতভাবেই গণভোটের তত্ত্বাবধান করে থাকেন দেশের বিচারকেরা। তবে সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্ট তাঁর কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর ওই গণভোট বর্জনের ঘোষণা দেয় দ্য জাজেস ক্লাব। সারা দেশের বিচারকদের প্রতিনিধিত্বকারী এই সংগঠনের প্রধান আহমেদ আল-জিন্দ বলেন, প্রেসিডেন্টের ‘সাংবিধানিক ডিক্রি’ জারির প্রতিবাদে তাঁরা সংবিধানের ওপর গণভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। ওই ডিক্রি বাতিল না করা পর্যন্ত তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।অবশ্য ক্লাবের এই সিদ্ধান্ত মানা তাঁর সব সদস্যের জন্য বাধ্যতামূলক নয়। দেশের ভাইস প্রেসিডেন্ট মাহমুদ মক্কী বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে বিচারকেরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।গত ২২ নভেম্বর এক ডিক্রি জারির মাধ্যমে নিজের ক্ষমতা বৃদ্ধি করেন প্রেসিডেন্ট মুরসি। ওই ডিক্রির কারণে বিচার বিভাগ তাঁর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন না। ডিক্রি জারির পর মিসরে সহিংস বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়।মুরসির সমালোচনায় মিসরের সংবাদপত্র: মিসরের কয়েকটি পত্রিকা দেশটির বিতর্কিত সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর মধ্যে কয়েকটি মুরসির সমালোচনা করে গতকাল প্রথম পৃষ্ঠার শিরোনাম করেছে, ‘একনায়কতন্ত্র আর নয়’। বিবিসি ও এএফপি।