মিসরে গণভোট ১৪ ও ১৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নতুন খসড়া সংবিধানের ওপর গণভোট হবে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুর গতকাল শনিবার এ কথা জানিয়েছেন। এর আগে বলা হয়েছিল, জানুয়ারি মাঝামাঝি এ গণভোট অনুষ্ঠিত হবে।
ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মিসরে নির্বাচিত সরকার গঠনের ক্ষেত্রে এটা হবে প্রথম বড় পদক্ষেপ।
প্রেসিডেন্ট মানসুর গতকাল জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, ‘সংশোধিত খসড়া সংবিধানের ওপরে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি অনুষ্ঠেয় গণভোটে রায় দিতে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ইসলামপন্থী মুরসির সময়ে লিখিত আগের সংবিধান সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার বাতিল করার পর নতুন এ সংবিধানের খসড়া তৈরি করা হয়। নতুন সংবিধানে ‘মানবাধিকার, স্বাধীনতা ও ক্ষমতার ভারসাম্য’সংক্রান্ত কিছু ধারা রয়েছে। এর প্রশংসা করে মানুসর বলেন, একটি গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র গঠনে এটা একটি ভালো সূচনা।
সংশোধিত সংবিধানে সামরিক বাহিনীকে ব্যাপক ক্ষমতা ও মর্যাদা দেওয়ায় ধর্মনিরপেক্ষতার সমর্থক ও মানবাধিকার সংগঠনগুলো এর সমালোচনা করেছে। এএফপি।