মিসরে গণভোটের শেষ দিনে উপস্থিতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে সংবিধানের প্রশ্নে গতকাল বুধবার দ্বিতীয় ও শেষ দিনের মতো গণভোট হয়েছে। গত মঙ্গলবার প্রথম দিনের ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হলেও সহিংসতায় অন্তত নয়জন নিহত হয়েছে। গণভোটের ফল কবে নাগাদ প্রকাশ করা হবে, তা নিশ্চিত করে জানানো হয়নি।
গত জুলাইয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক মুসলিম ব্রাদারহুড ওই ভোট বর্জন করেছে। এর আগে মিসর সরকার ব্রাদারহুডকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে।
গণভোটকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে সরকার। ভোটের দ্বিতীয় দিন আগের দিনের চেয়ে ভোটার উপস্থিতি কম ছিল। তবে কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়।
মিসরের আল-হায়াত টেলিভিশন দেশটির বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, প্রথম দিনে ‘অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল ৫০ শতাংশেরও বেশি’। রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোতে গণভোটকে ‘গণতন্ত্রের উৎসব’ বলে আখ্যা দেয়।
মঙ্গলবার ভোট গ্রহণকালে বিভিন্ন স্থানে মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়।
যুক্তরাষ্ট্রের উদ্বেগ: মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, সহিংসতার খবরে ওয়াশিংটন উদ্বিগ্ন। বিবিসি ও এএফপি।