মিসরে গির্জার বাইরে গাড়িবোমায় নিহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রিয়ায় গত শুক্রবার দিবাগত রাতে একটি গির্জার বাইরে গাড়িবোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান।উসামা আবদেল মোনেইম বলেন, ‘নিহত লোকজনের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।’ তিনি আরও বলেন, হামলায় আট ব্যক্তি আহত হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, হামলায় সাত ব্যক্তি নিহত ও ২৪ জন আহত হয়েছে।কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি। সিদি বেচার জেলার আল-কুইদিসিন গির্জায় নববর্ষের প্রার্থনা ও আনুষ্ঠানিকতা শেষে বেরিয়ে আসা লোকজনকে লক্ষ্য করে এই গাড়িবোমা হামলা চালানো হয়।এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আহত ব্যক্তিদের মধ্যে আটজন মুসলমান এবং গির্জা ও পার্শ্ববর্তী একটি মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।মন্ত্রণালয় জানায়, যে গাড়িটি বিস্ফোরিত হয়েছে, সেটি গির্জার সামনে পার্ক করা ছিল। সরকারি কৌঁসুলিরা এ ব্যাপারে তদন্ত শুরু করেছেন।বেসরকারি টেলিভিশন চ্যানেল অনটিভিকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, মধ্যরাতের সামান্য পরই গির্জার বাইরে একটি সবুজ গাড়ি পার্ক করা হয় এবং গাড়ির আরোহীরা বেরিয়ে আসার প্রায় পরপরই গাড়িটি বিস্ফোরিত হয়।নিরাপত্তা সংস্থা সূত্র জানায়, বিস্ফোরণের পর বেশ কিছু ক্ষুব্ধ খ্রিষ্টান পার্শ্ববর্তী একটি মসজিদের বাইরে বিক্ষোভ দেখায়। এ সময় তারা পুলিশের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের হাতে মসজিদের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। এএফপি।