মিসরে জঙ্গিদের গুলিতে কর্নেল, ব্রিগেডিয়ার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর উত্তরে কালুবিয়া এলাকায় গতকাল বুধবার সেনাবাহিনীর সঙ্গে ইসলামি জঙ্গিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় জঙ্গিদের গুলিতে দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন। সেনাবাহিনীর একজন কর্নেল ও একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা গতকাল কালুবিয়া প্রদেশে জঙ্গিদের একটি গোপন আস্তানায় অভিযান চালায়। সেখানে বেশ কয়েকজন জঙ্গি আত্মগোপন করে আছে বলে সেনাবাহিনীর কাছে তথ্য ছিল।
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, প্রদেশে জঙ্গিদের একটি গোপন আস্তানায় সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি চলাকালে হতাহতের এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানানো হয়, নিহত দুজন সেনাবাহিনীর কর্নেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তা। কিন্তু পরে আবার বলা হয়, নিহত ওই দুই কর্মকর্তা সেনাবাহিনীর দুজন বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
গত জুলাইয়ে মুসলিম ব্রাদারহুডের নেতা প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে। এর পর থেকেই মুরসির কাছে আবার ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিক্ষোভ শুরু হয়। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর ওপর সিনাই উপদ্বীপভিত্তিক ইসলামি জঙ্গিরা হামলা চালিয়ে আসছে। ইতিমধ্যে রাজধানী কায়রোসহ দেশের অন্যান্য অঞ্চলেও জঙ্গি হামলা বেড়েছে। রয়টার্স।