মিসরের রাজধানী কায়রোয় ইসরায়েলি দূতাবাসে গত শুক্রবার হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় দূতাবাসে আটকে পড়া ইসরায়েলি রাষ্ট্রদূতসহ ছয়জন কর্মকর্তাকে উদ্ধার করে মিসরের কমান্ডো বাহিনী। গতকাল শনিবার তাঁরা ইসরায়েলে ফিরে গেছেন। এ ঘটনায় মিসরজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। মিসর থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে ইসরায়েল।দূতাবাসে হামলার সময় বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৫০ জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলাকে ‘গুরুতর ঘটনা’ বলে উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই দূতাবাসটি রক্ষায় মিসরের প্রতি আহ্বান জানিয়েছেন।ইসরায়েলের আচরণে মিসরের জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও হতাশা জন্মেছে। এ ছাড়া ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের আচরণও তাদের ক্ষুব্ধ করে তোলে। ইসরায়েলের দূতাবাসে হামলা এ ক্ষোভ আর হতাশারই বহিঃপ্রকাশ বলে দাবি করে বিক্ষুব্ধ লোকেরা। গত মাসে ইসরায়েলি সেনাদের গুলিতে পাঁচ মিসরীয় পুলিশ নিহত হয়। এই ঘটনাও গত শুক্রবারের সহিংসতাকে উসকে দেয়। কায়রোর তাহরির স্কয়ারে সংস্কারের দাবিতে বিক্ষোভরত জনতার একটি অংশ দূতাবাসে গিয়ে হামলা চালায়।গির্জা এলাকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসে গত শুক্রবার জুমার নামাজের পর হামলা চালানো হয়। হাজার হাজার বিক্ষোভকারী দূতাবাস ভবনের নিরাপত্তা-দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা ইসরায়েলের পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন কক্ষে ঢুকে হাজার হাজার নথিপত্র তছনছ করে। পুলিশ বিক্ষুব্ধ জনতাকে বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধ লোকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের অন্তত দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনার সময় দূতাবাসের ছয়জন কর্মকর্তা ভেতরে আটকা পড়েন। মিসরের কমান্ডো বাহিনী তাঁদের উদ্ধার করে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, দূতাবাসে হামলার ঘটনায় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে অন্তত দুজন নিহত এবং ৪৫০ জন আহত হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৫০ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করলেও নিহতের বিষয়টি উল্লেখ করেনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ৪৬ জন পুলিশ সদস্য আহত হওয়ার খবর প্রচার করে।গতকাল শনিবারও হাজার হাজার মানুষকে ওই দূতাবাসের আশপাশে অবস্থান করতে দেখা যায়। ওই এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এএফপি, রয়টার্স।