মিসরে জয়ের পথে সিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদেল ফাত্তাহ আল-সিসি
আবদেল ফাত্তাহ আল-সিসি

মিসরের নির্বাচনে সাবেক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আবদেল ফাত্তাহ আল-সিসি বিপুল ভোটে জয়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।প্রেসিডেন্ট নির্বাচনে দুই দিনের ভোট গ্রহণের দ্বিতীয় ও শেষ দিন আজ মঙ্গলবার।৫ জুন ফলাফল ঘোষণা করা হবে।খবর এএফপির।

মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসিকে গত বছর রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে উত্খাত করে সেনাবাহিনী।ওই অভ্যুত্থানে নেতৃত্ব দেন তত্কালীন সেনাপ্রধান সিসি।প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পরে তিনি সেনাপ্রধানের পদ ছাড়েন।তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা হামদিন সাবাহি।

গতকাল সোমবার ভোট গ্রহণ শুরুর পর ভোট দেন সিসি।তিনি বলেন, ‘কীভাবে মিসরবাসী আজ ও আগামীকাল তাদের ইতিহাস ও ভবিষ্যত্ লিখছে, তা সারা বিশ্ব দেখছে।’


ভোটকেন্দ্রের বাইরে সিসি তাঁর সমর্থকদের সঙ্গে করমর্দন করেন।অনেক তাঁর গালে চুমু খায়।এ সময় তিনি বলেন, মিসরবাসীকে পুনরায় নিশ্চিত করতে হবে যে তাদের ভবিষ্যত্ অবশ্যই খুব সুন্দর ও অসাধারণ হবে।


গতকাল কায়রোতে ভোট দেওয়ার অপেক্ষায় থাকা মিলাদ ইউসুফ নামের এক আইনজীবী বলেন, ‘আমাদের এমন একজনকে চাই, যিনি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী এবং দৃঢ় চিত্তে কথা বলবেন।’


ইউসুফ বলেন, ২০১২ সালে তিনি সাবাহিকে ভোট দিয়েছিলেন।ওই সময় মুরসি জয়ী হয়েছিলেন।এবার তিনি সিসির পক্ষে।তিনি বলেন, ‘আমাদের একজন দৃঢ় ব্যক্তিত্ব, একজন সেনাকর্মী দরকার।’


গণ-অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ মুরসিকে উত্খাতের পর থেকে অর্থনৈতিক সংকটসহ অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে সিসিকে।তবে অভ্যুত্থানে মুরসির কয়েক হাজার সমর্থককে হত্যা এবং জেলে পাঠানো হয়।২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্বদানকারী অনেক ভিন্ন মতাবলম্বীকেও বন্দী করা হয়।