মিসরে দুই পক্ষে বৈঠক
মিসরের একটি ধর্মনিরপেক্ষ গ্রুপের সঙ্গে গত বুধবার কায়রোয় বৈঠক করেছে ইসলামপন্থী একটি গ্রুপ। বৈঠকে চলমান রাজনৈতিক সংকট নিরসনের উপায় খুঁজে বের করার বিষয়ে আলোচনা হয়।দুই পক্ষ হচ্ছে, ধর্মনিরপেক্ষ দলগুলোর জোট ন্যাশনাল সালভেশন ফ্রন্ট এবং অতি রক্ষণশীল ইসলামপন্থী দল আল-নুর পার্টি। মিসরের নতুন সংবিধান ও তার শরিয়াহ আইনের পক্ষে অবস্থান নিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও তাঁর মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দিয়েছিল আল-নুর পার্টি। আর ন্যাশনাল সালভেশন ফ্রন্ট প্রথম থেকেই ওই সংবিধানের বিরোধিতা করছে। এ নিয়ে ব্যাপক বিক্ষোভও করেছে। গত শুক্রবার থেকেই মিসরে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ওই দিন সরকারবিরোধী ও সমর্থকেরা পৃথক কর্মসূচির আয়োজন করে। এ সময় দুই পক্ষে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়। মিসরে গত বছর ফুটবল মাঠে সহিংসতার অপরাধে আদালত পরদিন ২১ জনকে মৃত্যুদণ্ড দিলে আবার সহিংসতা ছড়িয়ে পড়ে। সর্বশেষ এই সরকারবিরোধী আন্দোলন মোকাবিলায় প্রেসিডেন্ট মুরসি সীমিত আকারে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হন। পোর্ট সৈয়দ, সুয়েজ ও ইসমাইলিয়ায় ৩০ দিনের জন্য এই কারফিউ জারি করা হয়। অবশ্য মুরসি গত মঙ্গলবার তাঁর ওই আদেশ থেকে পিছু হটে ঘোষণা দেন, স্থানীয় সরকারগুলোই সিদ্ধান্ত নেবে, সেখানে কারফিউ জারি করার দরকার আছে কি না। সিএনএন।